কসবায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, আহত ১০
জমি নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন৷ গতকাল শনিবার এ ঘটনা ঘটে৷
নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (২২)৷ তিনি শিমরাইল গ্রামের ধন মিয়ার ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে তৌফিকুর রহমানের (২৭) অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিমরাইল গ্রামের হারুন মিয়ার সঙ্গে হোসেন মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল দুপুরে হারুন মিয়ার সমর্থক জয়নাল আবেদীনের সঙ্গে হোসেন মিয়ার তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এ িনয়ে একপর্যায়ে হোসেন মিয়া ও হারুন মিয়ার সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাঁরা বল্লম, দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান৷ সংঘর্ষে জয়নাল ঘটনাস্থলেই নিহত হন এবং তৌফিকুর রহমানসহ ১০ জন আহত হন। পুলিশ জয়নালের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন৷ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।