কসবায় সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ জানায়, নেয়ামতপুর গ্রামের বাদশা মিয়া ও ইমাম হোসেনের (৫৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে ওই দুই ব্যক্তির লোকজন রাম দা, টেঁটা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ইমামসহ দুই পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে ইমাম মারা যান। সংঘর্ষে গুরুতর আহত ২৬ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইমামের ভাই নূরে আলম বলেন, ‘বাদশা, তাজু মেম্বার, খোরশেদ মিয়া, শুক্কু মিয়া ও জলিল মিয়ার নেতৃত্বে আমাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। এ সময় দা, বল্লম ও টেঁটার আঘাতে ইমাম গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।’নূরে আলম আরও বলেন, একটি মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ে এর আগে বাদশা মিয়ার লোকজন চারটি ঘর ভাঙচুর করেছে।এদিকে লেশিয়ারা গ্রামে পাওনা টাকা আদায় নিয়ে গত বুধবার দুই পক্ষের সংঘর্ষে সন্ধ্যায় নারী-পুরুষসহ ২০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শাহপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাতে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।