কসবায় সীমান্ত হাটের দিন পরিবর্তন
ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চালু হওয়া সীমান্ত হাটের দিন পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে রোববার এই হাট বসবে। ২৪ জানুয়ারি থেকে এই হাটবার কার্যকর হবে।
গতকাল শনিবার সীমান্ত হাটের সম্মেলনকক্ষে দুই দেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সীমান্ত হাটে দুই দেশ যৌথভাবে পালন করবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়। তবে আরও একটি বৈঠক করে অনুষ্ঠানের কর্মসূচি চূড়ান্ত করা হবে। ওই বৈঠকসূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার এডিএম মোহাম্মদ সামছুল হক, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুল হক ভূঁইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম, বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আবু ছাইদ প্রমুখ।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার এডিএম দিলীপ কুমার চাকমা, কমলাসাগর বিএসএফ কমান্ডার আনন্দ বর্ধন প্রমুখ।
গত বছরের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে এই হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ১১ জুন থেকে প্রতি বৃহস্পতিবার হাটটি বসছে।
সীমান্ত হাট সূত্রে জানা গেছে, সীমান্তের ২০৩৯ পিলারের কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার তারাপুর এবং ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এলাকায় দুই দেশের সমপরিমাণ ১ একর ৫০ শতক জায়গায় সীমান্ত হাট বসছে।