কসবায় স্কুলছাত্র অপহরণ, একজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইমন মিয়া (১০) এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার খাড়েরা গ্রামের সৌদিপ্রবাসী মালি মিয়ার ছেলে। স্থানীয় লোকজন জানান, খাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ইমন গত শনিবার স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। পরে তার মা শিল্পী আক্তার স্কুলে গিয়ে জানতে পারেন প্রতিবেশী দুলাল মিয়ার স্ত্রী নাছিমা আক্তার তাকে নিয়ে গেছেন। কিন্তু নাছিমা তা অস্বীকার করেন। এর পর থেকে সে নিখোঁজ।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুমা আক্তার জানান, নাছিমা আক্তারই ইমনকে স্কুল থেকে নিয়ে যান। গত শনিবার রাতেই নাছিমা আক্তারকে আসামি করে থানায় অপহরণ মামলা করা হয়। এরপর নাছিমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত বছরের ৩১ আগস্ট মালি মিয়ার অপর ছেলে পারভেজ অপহরণের পর খুন হয়।কসবা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে অপহরণের ঘটনায় নাছিমা আক্তারের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন বলেন, গ্রেপ্তার নাছিমা আক্তারকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।