কসবায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ একই গ্রামের বাসিন্দা শাহজাদাকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে ওই মেয়েটিকে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে শাহজাদা। এ ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে শাহজাদার বিরুদ্ধে কসবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ ওই রাতেই শাহজাদাকে গ্রেপ্তার করে।ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল রোববার সকালে মেয়েটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানাহাজতে শাহজাদা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলে, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’ কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে জানান, পুলিশ গতকাল শাহজাদাকে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিমের আদালতে পাঠায়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।