কসবায় ১৫ দিনে ছয় খুন, এলাকায় আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই সপ্তাহের ব্যবধানে ছয়জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ নেয়ামতপুর গ্রামে সংঘর্ষে আহত হয়ে সমরাজ মিয়া নামের এক ব্যক্তি রোববার হাসপাতালে মারা যান। পরপর কয়েকটি নিহত হওয়া ও খুনের ঘটনায় উপজেলাজুড়ে লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশিষ্টজনেরা বলছেন, খুন করে আইনের ফাঁক গলিয়ে স্থানীয় অভিযুক্ত ব্যক্তিরা বেরিয়ে আসছেন। আর এ কারণেই এলাকায় হত্যার ঘটনা বাড়ছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ, এলাকাবাসী ও বিভিন্ন মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কোল্লাবাড়ী গ্রামে একটি বিয়ে নিয়ে গ্রামের আবু তাহের ওরফে তারু মিয়া ও প্রতিবেশী রঙ্গু মিয়ার সমর্থকদের মধ্যে সম্প্রতি বিরোধ দেখা দেয়। আবার রঙ্গু মিয়ার পক্ষের ডেসটিনির কর্মী আরিফ মিয়া (২২) গ্রামের মোশারফ হোসেন, জেসমিন আক্তার, পপি আক্তার, রাহেলা বেগম ও স্বপন মিয়ার কাছ থেকে প্রতিষ্ঠানের একটি প্রকল্পের নামে ৪৫ হাজার টাকা নেন। দেশব্যাপী ডেসটিনির কার্যক্রম নিয়ে আতঙ্ক দেখা দেওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার আরিফকে ওই গ্রাহকেরা টাকার ব্যাপারে চাপ দেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের সংঘর্ষে আবু তাহের (৫৫) নিহত হন। আহত হন কমপক্ষে ১০ জন। এ ঘটনায় আটজনকে আসামি করে শুক্রবার থানায় একটি হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার নেয়ামতপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাদশা মিয়া ও ইমাম হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষ রাম দা, টেঁটা, বল্লম নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় আহত হন ইমাম হোসেনসহ অর্ধশতাধিক লোক। ইমাম হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ৪৯ জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা হয়েছে। মামলার পর আসামিদের ৫১টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়। একই সংঘর্ষে আহত সমরাজ মিয়া (৪০) রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে ২৯ অক্টোবর সন্ধ্যায় কসবা পৌর এলাকার তালতলা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে জসিম উদ্দিন (৫২) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় পুলিশ তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। ২৬ অক্টোবর কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার কুটি চৌমুহনী বাস টার্মিনালসংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ অক্টোবর রাতে হাতুড়াবাড়ী গ্রামে মনির হোসেন (২৭) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ আশরাফুল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, ‘এসব হত্যাকাণ্ডে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এলাকায় বৈঠক করা হচ্ছে।’