কসবায় ২০ হাজার মণ পাট পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে গতকাল শনিবার দুপুরে দুটি গুদামের প্রায় ২০ হাজার মণ পাট পুড়ে গেছে। এতে কমপক্ষে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে গুদাম মালিকেরা দাবি করেছেন। ঘটনাটিকে নাশকতা বলে দাবি করেছেন তাঁরা। স্থানীয় সাংসদ ও আইনমন্ত্রী আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গুদাম মালিক, পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুটি বাজারের সুজিত কুমার রায়ের পাটের গুদামে বেলা দেড়টার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের কৃষ্ণপদ রায়ের গুদামেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুটি, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কুমিল্লার মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের চারটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে আইনমন্ত্রী আনিসুল হক, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। গুদামের মালিক সুজিত কুমার রায়ের ভাই রঞ্জিত কুমার রায় বলেন, গুদামে বিদ্যুৎ নেই। নাশকতার জন্য কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তিনি দাবি করেন, আগুনে কমপক্ষে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, দুটি গুদামের পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইউএনও জালাল সাইফুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।