কসবায় ২৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ গত সোমবার রাতে ২৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার দাম প্রায় ২৬ লাখ টাকা।পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে গাঁজা পাচারের সময় পুলিশ ধাওয়া করে খাড়েরা ইউনিয়নের ঘোলাসার এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একটি মাইক্রোবাস আটক করে। গাড়ি তল্লাশি করে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসে থাকা তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন দেলোয়ার হোসেন, রমজান মিয়া ও রফিক মিয়া। এ ঘটনায় কসবা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। অন্যদিকে পুলিশ ওই মহাসড়কের বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় একই রাতে সিলেটগামী একটি ট্রাক থামিয়ে তাতে থাকা প্রায় আট লাখ টাকা দামের ৮০ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কসবা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাছান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।