কসবায় ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
কায়েমপুর ইউনিয়নের মইনপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৩৯ সালে। ৪৪৫ শিক্ষার্থীর এ প্রতিষ্ঠানে প্রায় ছয় মাস ধরে প্রধান শিক্ষক নেই।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, প্রধান শিক্ষক নেই, আবার দুজন শিক্ষক বর্তমানে ছুটিতে। ফলে তাঁকে বাড়তি ক্লাস নিতে হয়, আবার অফিসের যাবতীয় কাজও সামলাতে হয়। এতে যেমন প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা চলছে, অন্যদিকে একাডেমিক কার্যক্রমও সমস্যায় পড়ছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাথমিক শিক্ষার খণ্ডচিত্র এটি। এ উপজেলায় মোট ১৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬৮টিতেই বর্তমানে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। সহকারী শিক্ষকদের দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, কসবায় পুরোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৮৭টি। আর নতুন জাতীয়করণ করা হয়েছে ৭৬টি প্রাথমিক বিদ্যালয়কে। পুরোনো ৮৭টির মধ্যে ১২টিতে প্রধান শিক্ষক নেই। বিদ্যালয়গুলো হচ্ছে মেহারী ইউনিয়নের যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপীনাথপুর ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কায়েমপুর ইউনিয়নের মইনপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, মইনপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কায়েমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বায়েক ইউনিয়নের অষ্টজঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরাঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে নতুন জাতীয়করণ করা ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৬টিই এখন প্রধান শিক্ষক ছাড়া চলছে। এমন বিদ্যালয়গুলোর একটি কসবা পৌর শহরের তারাপুর ইদ্রিছ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, সহকারী শিক্ষক শিউলী বেগম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টিতে ২২০ জন শিক্ষার্থী রয়েছেন। প্রধান শিক্ষকসহ শিক্ষকের পদ আছে ৫টি। বর্তমানে চারজন শিক্ষক কর্মরত রয়েছেন। প্রধান শিক্ষক না থাকায় নানা সমস্যায় পড়ছেন তাঁরা।
একইভাবে কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়েও প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক মো. সুলতান আহমেদ বলেন, ‘শুনেছি শিগগিরই প্রধান শিক্ষক দেওয়া হবে। আমরা এখন সেই অপেক্ষায় রয়েছি।’
কসবা উপজেলা শিক্ষক কর্মকর্তা রওশন আরা বলেন, কসবা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার বিষয়ে তিনি লিখিতভাবে গত ২ জুলাই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বলেন, কসবাসহ জেলার বিভিন্ন উপজেলার অনেক বিদ্যালয়েই প্রধান শিক্ষকের পদ শূন্য আছে। এমন প্রতিটি বিদ্যালয়ের তালিকা করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই পদোন্নতি ও নিয়োগ-প্রক্রিয়ার মাধ্যমে প্রধান শিক্ষকের শূন্যপদগুলো পূরণ করা হবে বলে আশা করছেন তিনি।