কসাইখানা নির্মাণে অনড় কেসিসি, জনমনে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ময়ূর নদীর পাড়ে ঘনবসতিপূর্ণ এলাকায় কসাইখানা নির্মাণের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেসিসির এলাকার বাইরে বটিয়াঘাটা উপজেলায় ওই কসাইখানা নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে এলাকার মানুষ ইতিমধ্যে সিটি মেয়রসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছে। কসাইখানা নির্মাণ ঠেকাতে এলাকাবাসী প্রতিরোধ কমিটিও গঠন করেছে। কেসিসি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নগরের গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন বটিয়াঘাটা উপজেলার ঘনবসতিপূর্ণ কৃষ্ণনগর এলাকায় সোয়া দুই একর জমিতে একটি কসাইখানা তৈরির সিদ্ধান্ত কেসিসির ৩৪তম সভায় অনুমোদন হয়েছে। সরেজমিনে দেখা গেছে, প্রস্তাবিত কসাইখানার অদূরে খুলনা বিশ্ববিদ্যালয়, গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধ, নির্মাণাধীন পার্ক, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও অসংখ্য বাড়িঘর রয়েছে। ওই এলাকার বাসিন্দা চিকিৎসক আবু জাফর বলেন, এত ঘনবসতিপূর্ণ এলাকায় কসাইখানা হলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে। এ ছাড়া এতে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে। ব্যবসায়ী গোপাল সাহা (৫৮) বলেন, পাশেই বধ্যভূমি স্মৃতিসৌধ, খুলনা বিশ্ববিদ্যালয়, নির্মাণাধীন পার্ক, মসজিদ, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও অসংখ্য বাড়িঘর রয়েছে। এখানে কসাইখানা হলে এর বর্জ্যে ময়ূর নদী দূষিত হয়ে এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। মো. ইয়ামিন বলেন, ‘এইটা তো সম্পূর্ণ আবাসিক এলাকা, জায়গা কিন্না বসবাস করতেছি। কসাইখানা হইলে তো এইহানে বাস হরতে পারমু না।’ বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান বলেন, বটিয়াঘাটা উপজেলা এলাকায় যাতে প্রস্তাবিত কসাইখানা না করা হয়, সে জন্য গত মাসে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে মেয়রকে জানানো হয়েছে। তা ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারকে আহ্বায়ক ও জলমা ইউনিয়নের চেয়ারম্যানকে সদস্য সচিব করে একটি প্রতিরোধ কমিটিও করা হয়েছে।খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নির্বাহী প্রকৌশলী মুজিবর রহমান বলেন, কেডিএ থেকে সিটি করপোরেশনকে ওই জমি অধিগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। আর এ ব্যাপারে আমাদের কাছে সরাসরি কেউ প্রতিকার চেয়ে আবেদন করেনি। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা তপন ঘোষ বলেন, ‘কোনো কিছু করতে গেলে কারও কারও তো কিছু অসুবিধা হতেই পারে। এশীয় উন্নয়ন ব্যাংক পরিবেশের বিষয়ে যথেষ্ট সচেতন। তাদের অর্থেই ওই স্থানে কসাইখানা হবে। তা ছাড়া অত্যাধুনিক ওই কসাইখানার সব বর্জ্য সেখানেই শোধন করা হবে। ওই এলাকাকে সিটি করপোরেশনভুক্ত করা হয়েছে। শুধু সরকারি গেজেট বাকি।’ মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘শহরের মানুষের ভালোর জন্য যা প্রয়োজন আমি তাই করব। ওখানে অত্যাধুনিক কসাইখানা হবে।’