কসাইবাজার খাল আরও ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিনিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না করায় উত্তরা ৪ নম্বর সেক্টরে বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে। গত বৃহস্পতিবার সকালের বৃষ্টিতে এই সেক্টরের কোনো কোনো সড়কে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। এলাকাবাসী বলেন, গত মে মাসে স্থানীয় খাল আরও ভরাট হয়ে যাওয়ায় এবং নিষ্কাশন লাইনের সংস্কার না হওয়ায় পরিস্থিতি আগের তুলনায় আরও খারাপ হয়েছে।
রাজধানীর জলাবদ্ধতা নিয়ন্ত্রণের অন্যতম দায়িত্বে নিয়োজিত ঢাকা ওয়াসা বলেছে, বড় প্রকল্পে হাত দেওয়ার আগে সার্বিক সমাধান সম্ভব নয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি হয় ২৬ মিলিমিটার। ওই বৃষ্টিতেই উত্তরা ৪ নম্বরসহ বিভিন্ন সেক্টরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিকেল সাড়ে চারটার দিকে ৪ নম্বর সেক্টরের ১, ২ ও ৩ নম্বর সড়কের বড় অংশ পানিতে তলিয়ে ছিল। পানি জমে ছিল ৪, ৫, ৬ এবং ১০ নম্বর সড়কের কিছু অংশে।
এই সেক্টরের ২ নম্বর সড়কের ৪৭ নম্বর বাড়ির বাসিন্দা ফখরুল আলম বলেন, বৃষ্টি হলে শায়েস্তা খান অ্যাভিনিউর পূর্বাংশ তলিয়ে যায়। মাঝে কিছু কম হতো। গতকালও দিন ও রাতের বেশির ভাগ সময় সড়কে পানি আটকে ছিল। তিনি বলেন, এখানে নর্দমা ভেঙে বড় করার কথা ছিল, তা হয়নি।
গত ২১ মে উত্তরা ৪ নম্বরের জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার বিষয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ঢাকা ওয়াসা ও উত্তর সিটি করপোরেশন কিছু সংস্কারকাজ করলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বর্তমানে স্থানীয় কসাইবাজার খালের কালভার্ট অংশ আরও ভরাট হয়ে যাওয়ায় এই সেক্টরের গৃহস্থালি ও বৃষ্টির পানি বেরিয়ে যাওয়ার পথ আবার রুদ্ধ হয়ে গেছে। হাজি ক্যাম্পের পশ্চিম দিকে উন্নয়নকাজের জন্য কসাইবাজার খাল ভরাট করা হয়েছে। পানি সহজভাবে প্রবাহিত হতে পারে না।
উত্তরা ৪ নম্বর সেক্টরের পূর্বদিকে রেলওয়ের জলাশয় ছিল। সেক্টরের ১০ নম্বর সড়ক থেকে ১ নম্বর সড়ক পর্যন্ত এলাকার বৃষ্টির পানি এ জলাশয় থেকে রেলওয়ে কালভার্ট পথে কসাইবাজার খাল হয়ে হাজি ক্যাম্প এবং পরে কুড়িল উড়ালসড়ক খালে চলে যেত। এখন তা বন্ধ। এলাকায় গিয়ে সহজেই বোঝা যায়, কসাইবাজার খাল এলাকায় রেলওয়ের ৪০ নম্বর কালভার্ট ভরাট হয়ে চওড়ায় অনেক ছোট হয়ে গেছে। খালপাড়ে বস্তি ও দোকানপাটের সংখ্যা আরও বেড়ে গেছে। সেগুলোর বর্জ্যও খালে ফেলা হয়।
উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সঙ্গে যোগাযোগ করলে একজন নির্বাহী সদস্য বলেন, খালের অংশ উদ্ধার করার কথা ছিল। তা হয়নি, বরং কয়েক মাসে আরও ভরাট হয়েছে। পূর্ব পাশে সিটি করপোরেশনের বড় নর্দমাকে রেলওয়ে কালভার্ট পর্যন্ত সম্প্রসারণ করে হাজি ক্যাম্পের বর্তমান খালের সঙ্গে যুক্ত ও পুনরায় খনন করতে ঢাকা ওয়াসার কাছে সুপারিশ করা হয়েছিল।
যোগাযোগ করা হলে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য গঠিত তদন্ত কমিটির সুপারিশ পাওয়া গেছে। সুপারিশের আলোকে কাজ করতে হলে প্রকল্প হাতে নিতে হবে। তিনি বলেন, ভরাট হয়ে যাওয়া খাল উদ্ধার ও পানির প্রবাহ সচল করতে অন্য সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে।