কসোভোকে এখনই স্বীকৃতি দিতে চায় না বাংলাদেশ
বলকান রাষ্ট্র কসোভোকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় না বাংলাদেশ। দেশটির স্বাধীনতার বিষয়টি আন্তর্জাতিক আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে ঢাকা সময় নেওয়ার পক্ষে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এ অভিমত দেন। তিনি বলেন, ‘কসোভোর স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। সার্বিয়া কসোভোর স্বাধীনতার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে গেছে। তাই আদালতে বিষয়টির নিষ্পত্তি হলেই কসোভোর স্বীকৃতি নিয়ে বাংলাদেশ চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।’২০০৮ সালে সাবেক যুগোস্লাভ প্রজাতন্ত্র সার্বিয়া থেকে বেরিয়ে গিয়ে স্বাধীনতা ঘোষণাকারী কসোভো এখনো বিশ্বের সব দেশের স্বীকৃতি পায়নি। কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দিতে বাংলাদেশকে চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশটিকে স্বীকৃতি না দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়ে আসছে রাশিয়া।মধ্যপ্রাচ্য প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টিও মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের ওপর নির্ভর করছে। আমরা মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পক্ষে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ ওই অঞ্চলে শান্তি স্থাপিত হলে আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি পর্যালোচনা করতে পারি। তার আগে নয়।’পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে দীপু মনি আরও জানান, ২০-২১ মে তাঁর রাশিয়া সফরের সময় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে একটি ‘রূপরেখা চুক্তি’ সই হবে।