কসোভোকে স্বীকৃতির সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে কসোভোকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি কসোভোকে জানিয়ে দেওয়া হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ হবে ১১৪তম স্বীকৃতিদানকারী দেশ। ইতিমধ্যে ওআইসির ৫৭টি দেশের মধ্যে ৩৬টি দেশ কসোভোকে স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সও কসোভোকে স্বীকৃতি দিয়েছে।
কসোভো সার্বিয়ার একটি প্রদেশ ছিল। তবে ১৯৯৯ সাল থেকে এটি জাতিসংঘের তত্ত্বাবধানে ছিল। ইউরোপের এই মুসলিম দেশটি ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে।
বৈঠকে বিভিন্ন অপরাধের জন্য জরিমানার পরিমাণ বাড়িয়ে ‘সামুদ্রিক মৎস্য আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সামরিক শাসনের সময়ে করা অধ্যাদেশটি যুগোপযোগী করে আইনে পরিণত করা হচ্ছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই অধ্যাদেশে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বাধা দিলে, ইচ্ছাকৃতভাবে মৎস্য আহরণের নৌযানের ক্ষতি করলে, লাইসেন্সের শর্ত ভাঙলে ও অপরাধের প্রমাণ ধ্বংস করলে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান ছিল। প্রস্তাবিত আইনে এসব অপরাধের জন্য সাজা তিন বছর রাখা হলেও জরিমানার পরিমাণ বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। এরকমভাবে আরও কয়েকটি ক্ষেত্রে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। প্রস্তাবিত আইনের খসড়ায় সমুদ্র উপকূলে সামুদ্রিক মৎস্য চাষের লক্ষ্যে ‘মেরিন কালচার অঞ্চল’ করার সুযোগ রাখা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে জাতীয় যুবনীতি-২০১৭-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন নীতিমালায় যুবসমাজের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তবে যুবদের বয়স আগের মতোই ১৮ থেকে ৩৫ বছর রাখা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরের জন্য দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধসংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। কাতারের সঙ্গে একই রকম আরেকটি চুক্তির খসড়াও অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশনের পুরস্কার পাওয়ায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।