দেশের বিভিন্ন স্থানে দুই দিনে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৮০ বস্তা কাঁকর মেশানো চাল ও ৮২ বস্তা সার জব্দ করেছেন। ঈশ্বরগঞ্জ ও জুড়ীতে সার ও মসলায় ইটের গুঁড়া মেশানোর খবর পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: শ্যামনগরে ৮০ বস্তা কাঁকর মেশানো চাল জব্দভালো চালের সঙ্গে নষ্ট চাল ও কাঁকর মিশিয়ে প্যাকেটজাত করার সময় পুলিশ পাঁচ শ্রমিককে আটক করেছে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার একটি চালের আড়ত থেকে তাদের আটক করে। এ সময় পুলিশ পাথরমিশ্রিত ৮০ বস্তা চাল উদ্ধার করে।আটককৃত শ্রমিকেরা হলেন: শ্যামনগরের পাতড়াখোলা গ্রামের রহমত আলী (২৭), বংশীপুর গ্রামের আবুল হোসেন (৩২), মুজিবর রহমান (৪২), সিরাজুল ইসলাম (৩২) ও রাবেয়া খাতুন (৩৭)। শ্যামনগর থানার উপপরিদর্শক সুরেশ হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লাপাড়ায় ৮২ বস্তা সার জব্দগতকাল সকালে ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়ায় অভিযান চালিয়ে অননুমোদিত সার সংরক্ষণ ও বিক্রির দায়ে খুচরা সার ব্যবসায়ী মিজানুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। আদালত এ সময় ওই দোকানে রাখা ৮২ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) সার জব্দ করেন। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ আদালতের নেতৃত্ব দেন। ঈশ্বরগঞ্জে সারে ইটের গুঁড়া!ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়ের বাজারে গতকাল সকালে ৬০ বস্তা ভেজাল সার জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মালিক মতিউর রহমানের মিজান ট্রেডার্সে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাক আহম্মেদ। তিনি জানান, নান্দাইল উপজেলার বিসিআইসির সার ডিলার বীরেন্দ্র চন্দ্র সাহার কাছ থেকে ৪০ বস্তা এমওপি ও ২০ বস্তা জিপ সার কিনেন মতিউর রহমান। যার মধ্যে এমওপি সারে ইটের গুঁড়া মেশানো ছিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।রামুতে ১৯ দোকানকে জরিমানামেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও ওজনে কারচুপির দায়ে কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ১৯টি মুদি দোকানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে রামুর ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক এ অভিযান চালান। জুড়ীতেও মরিচে ইটের গুঁড়া!মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের ফুলতলা সড়কে গত মঙ্গলবার গভীর রাতে একটি মসলা তৈরির কারখানায় মরিচে ইটের গুঁড়া মেশানোর কাজ চলছিল। খবর পেয়ে পুলিশ ওই কাজে নিয়োজিত দুই শ্রমিককে আটক এবং ইটের গুঁড়া মেশানো বেশ কিছু মরিচ জব্দ করে। পরে লিখিত মুচলেকা নিয়ে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়। জুড়ী থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে। জব্দ করা ভেজাল মরিচ ডোবায় ফেলে দেওয়া হয়েছে।