কাঁকড়ার অস্তিত্ব বিপন্নের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজনন মৌসুমে পূর্ব সুন্দরবন ও দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকায় নির্বিচারে মা-কাঁকড়া নিধন চলছে। ফলে সম্ভাবনাময় মৎস্যসম্পদ কাঁকড়ার অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন মৎস্য বিশেষজ্ঞরা।বিভিন্ন সূত্রে জানা যায়, প্রজনন মৌসুমে (জানুয়ারি-ফেব্রুয়ারি) শুধু সুন্দরবন এলাকায় কাঁকড়া নিধনে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও পূর্ব সুন্দরবন ও দক্ষিণ বঙ্গোপসাগর তীরবর্তী বরগুনা, পটুয়াখালী এলাকার বিভিন্ন শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় শিকারিরা ব্যাপকহারে ডিমওয়ালা কাঁকড়া নিধন করছেন। বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা অঞ্চলের কাঁকড়া ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লগ্নি করে জেলেদের দিয়ে নির্বিচারে ডিমওয়ালা কাঁকড়া নিধনে প্রণোদনা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা যায়, ১৯৯৭-৯৮ অর্থবছরে বিদেশে প্রথম কাঁকড়া রপ্তানি শুরু হয়। এরপর প্রায় তিন বছর বন্ধ থাকার পর আবার রপ্তানি শুরু হয়। পর্যায়ক্রমে বিশ্ববাজারে এর চাহিদা বাড়তে থাকে। পাশাপাশি বাড়তে থাকে এ খাত থেকে বৈদেশিক মুদ্রার আয়। সর্বশেষ ২০০৯-১০ সালে কাঁকড়া রপ্তানি করা হয়েছে ৫৮০ টন। ওই বছরে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে প্রায় তিন মিলিয়ন ডলার।কাঁকড়া ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, জানুয়ারি-ফেব্রুয়ারি এ দুই মাসজুড়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, চীনসহ বিভিন্ন দেশে নানা উৎসব হয়। এসব উৎসবের খাদ্য তালিকায় ডিমওয়ালা কাঁকড়ার চাহিদা বেশি। এ ছাড়া আন্তর্জাতিক বাজারেও ডিমওয়ালা কাঁকড়ার চাহিদা সবচেয়ে বেশি হওয়ায় এ সময় দামও থাকে সর্বোচ্চ। তাই বেশি দামের আশায় ও সুন্দরবন ছাড়া অন্য ম্যানগ্রোভ এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া শিকারে বেশি উৎসাহী হন জেলে ও ব্যবসায়ীরা। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সোনাতলা এলাকার কাঁকড়া ধরার জেলে শহিদুল ইসলাম জানান, তাঁরা এক সপ্তাহের পাস নিয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বিভিন্ন এলাকায় নৌকা নিয়ে কাঁকড়া ধরতে যান। এক সপ্তাহে দুই মণ কাঁকড়া ধরেন যা বিক্রি করেন ১০০ হাজার টাকায়। পূর্ব সুন্দরবন এলাকায় কমপক্ষে দেড় হাজার জেলে কাঁকড়া ধরেন বলে জানান তিনি। তালতলী উপজেলার টেংরাগিরি সংরক্ষিত বনের কাঁকড়া শিকারি অনিল চন্দ্র জানান, এলাকায় কাঁকড়া শিকারিরা প্রতিদিন পাঁচ-সাত কেজি করে কাঁকড়া ধরেন। দুই-তিনটি কাঁকড়ায় এক কেজি ও প্রতি কেজি ২৫০-৩০০ টাকায় বিক্রি হয়।বাগেরহাটের শরণখোলা উপজেলার আড়ৎদার সেলু মিয়া জানান, এখন কাঁকড়ার মৌসুম নয়। তবুও রামপাল, চাঁদপাই, চরদুয়ানি, মংলা, বাগেরহাট, শরণখোলা মোরেলগঞ্জসহ বিভিন্ন এলাকার কমপক্ষে দেড় হাজার জেলে পূর্ব সুন্দরবন এলাকায় কাঁকড়া ধরায় নিয়োজিত। তিনি জানান, শরণখোলায় ২০-২৫ জন কাঁকড়া ব্যবসায়ী রয়েছেন। তাঁরা বর্তমানে প্রতি সপ্তাহে দুই-তিন টন কাঁকড়া খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চালান করেন। একইভাবে বরগুনা ও পাথরঘাটা, তালতলী উপজেলায় ২০-২৫ জন কাঁকড়ার আড়ৎদার রয়েছেন।পাথরঘাটার কাঁকড়া ব্যবসায়ী জগদীশ মিত্র জানান, বর্তমানে কাঁকড়ার আমদানি কম। এখন প্রতিদিন গড়ে ৮-১০ মণ কাঁকড়া তাঁরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠান। পাথরঘাটার ছোট টেংরা গ্রামের খুচরা ব্যবসায়ী দুলাল মিয়া জানান, পাথরঘাটার বিভিন্ন এলাকায় কমপক্ষে ৫০ জন খুচরা ব্যবসায়ী রয়েছেন, যাঁরা জেলেদের কাছ থেকে কাঁকড়া কিনে আড়ৎদারদের কাছে সরবরাহ করেন। এ জন্য আড়ৎদারেরা খুচরা ব্যবসায়ীদের ১০ থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত দাদন দিয়েছেন।সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক কাস্যাতি বিকাশ চন্দ্র বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমার কাছেও এ রকম অভিযোগ এসেছে। তবে আমি সূপতি ও কটকা এলাকায় ঘুরে কাউকে কাঁকড়া আহরণ করতে দেখিনি। তবে গোপনে কেউ অল্পস্বল্প কাঁকড়া ধরতে পারে, সে জন্য আমি সবগুলো ক্যাম্পকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছি।’মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান বলেন, উপকূলীয় ম্যানগ্রোভ অঞ্চল কাঁকড়ার প্রজননক্ষেত্র হলেও শুধু সুন্দরবন এলাকায় প্রজননকালীন সময়ে কাঁকড়া শিকার নিষিদ্ধে আইন রয়েছে। এ কারণে উপকূলীয় এলাকায় কাঁকড়া শিকার বন্ধে মৎস্য বিভাগ থেকে কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, প্রজনন ও প্রজনন-পরবর্তী সময় কাঁকড়ার শিকার বন্ধ ও কাঁকড়ার অভয়াশ্রম চিহ্নিত করা প্রয়োজন। তিনি জানান, উপকূলের ম্যানগ্রোভ বনাঞ্চলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কাঁকড়া ডিম দেয়। এমনিতেই জলবায়ু পরিবর্তনের ফলে কাঁকড়ার প্রজনন ও উৎপাদন অনেকটা হুমকিতে। তার ওপর প্রজনন মৌসুমে নির্বিচারে মা-কাঁকড়া নিধন ও এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্লিপ্ততা অব্যাহত থাকলে অচিরেই বিপুল সম্ভাবনাময় এই মাছের প্রজাতিটির বিলুপ্তি ঘটবে।