কাঁচপুর ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ
ঢাকার সাভারের আশুলিয়ায় চারটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার বকেয়া বেতন পরিশোধ, নতুন বেতনকাঠামোতে ঈদ বোনাস ও ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। একই দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াবাড়ী এলাকায় একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেন। আশুলিয়া থানা, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আশুলিয়ার কবীরপুর এলাকার তু-হা টেক্সটাইল মিলস লিমিটেডের কয়েক হাজার শ্রমিক গতকাল দুপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে কর্তৃপক্ষ আলোচনা না করে আগামী রোববার বেতন পরিশোধের আশ্বাস দেন। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে দুপুর আড়াইটার দিকে কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে আশুলিয়া ও গাজীপুর থেকে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করে। শ্রমিকেরা তাঁদের দাবিতে অনড় থাকায় ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিকেল সাড়ে চারটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।অন্যদিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার পূবালী এসআরএস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা একই দাবিতে দুপুর দুইটার দিকে নবীনগর-কালিয়াকৈর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দুপুর আড়াইটার দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তাঁরা বাড়ি চলে যান। এ ছাড়া জামগড়া এলাকার এসসুহী পোশাক কারখানার শ্রমিকেরা গতকালও কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। গত মঙ্গলবার আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের সন্তোষজনক আলোচনা না হওয়ায় তাঁরা গতকালও বিক্ষোভ অব্যাহত রাখেন। জামগড়া এজাজ সোয়েটার নামের আরও একটি পোশাক কারখানার শ্রমিকেরা পারিশ্রমিক বাড়ানো, পরিচয়পত্র প্রদান ও ঈদ বেনাসের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ গতকাল বিকেলে কারখানা তিনটি ছুটি ঘোষণা করে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম চারটি কারখানায় শ্রমিক অসন্তোষ ও সড়ক অবরোধের ঘটনা নিশ্চিত করেছেন।এদিকে সোনারগাঁ থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুরের নয়াবাড়ী এলাকায় এসএফ ফ্যাশন নামের তৈরি পোশাক কারখানার দেড় হাজার শ্রমিক একই দাবিতে গতকাল কাজ বর্জন করে কারখানার ভেতরে বিক্ষোভ সমাবেশ করেন। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের জন্য কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় কারখানার প্রধান ফটকের সামনেই পুলিশি বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। পরে শ্রমিকেরা কারখানার ভেতরেই বিক্ষোভ করতে থাকেন। মালিকপক্ষ দুপুরে শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা আবার কাজে যোগ দেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী কাঁচপুরের পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।