কাঁচপুর পার হতেই তিন ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। ছবিটি নারায়ণগঞ্জের সানারপার পদচারী সেতু থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: মনিরুল আলম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। ছবিটি নারায়ণগঞ্জের সানারপার পদচারী সেতু থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: মনিরুল আলম

ঢাকার গুলিস্তানের মেয়র হানিফ উড়ালসড়ক থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু স্বাভাবিক সময়ে পার হতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। ঈদের আগে আজ বৃহস্পতিবার সময় নিল প্রায় পৌনে তিন ঘণ্টা।

মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে শনির আখড়ায় নামার পর নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রচণ্ড যানজটের দেখা মিলল। ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার রাস্তায় গাড়ি প্রায় থেমে আছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথ প্রায় ফাঁকা।

ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছেন আব্দুল কাদের। সকাল সাতটার দিকে তিনি শ্যামলী পরিবহনের একটি বাসে উঠেছেন। সাড়ে ১০টার সময়ও রয়েছেন মদনপুরে। ক্ষুব্ধ আব্দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বেশ চওড়া হয়েছে। এখানে এই অবস্থা হলে অন্য এলাকায় না জানি কী অবস্থা!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। ছবিটি নারায়ণগঞ্জের সানারপার পদচারী সেতু থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: মনিরুল আলম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। ছবিটি নারায়ণগঞ্জের সানারপার পদচারী সেতু থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: মনিরুল আলম

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ডা. তানিয়া আফরোজ বলেন, ঢাকা থেকে কাঁচপুর আসতেই তাঁর প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।

চট্টগ্রামের দিকে যাবেন মাহমুদুর রহমান। জানান, ঢাকা থেকে গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে রওনা হয়েছেন। কাঁচপুর সেতু এলাকা পার হতেই দুর্ভোগে পড়েছেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পৌঁছাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের মধ্যেই দেখা গেল শ্যামলী পরিবহনের একটি বাস দাঁড়িয়ে আছে। চালক সাইদুল বললেন, গাড়ির হর্নে সমস্যা হচ্ছে। তিনি সেটিই সারানোর কাজ করছেন।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সোলেমান মিয়া জানান, মেঘনা সেতুর দুই পাশে প্রচণ্ড যানজট।