ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৪, মামলা
কাঁচপুর ব্রিজের নিচে অবৈধ বালু ব্যবসা উচ্ছেদে বাধা, হুমকি
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিআইডব্লিউটিএর লোকজন সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচে গড়ে ওঠা অবৈধ বালু ব্যবসাকেন্দ্র উচ্ছেদ করতে গেলে বাধা দেন ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। তাঁরা কর্তব্যরত ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামের সঙ্গে দুর্ব্যবহার করেন। হুমকি দেন উচ্ছেদকাজে অংশ নেওয়া কর্মীদের। এ সময় পুলিশ ও র্যাব চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।জানা যায়, শীতলক্ষ্যা নদী দখল করে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচে বালু ব্যবসা গড়ে তোলেন ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। র্যাব ও পুলিশ ঘটনাস্থল থেকে যে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাঁরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদল (৩২), সোনারগাঁও থানা যুবলীগের সহসভাপতি আমানউল্লাহ আমান (৩৫), তাঁদের সহযোগী সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকার মনির (৩০) ও সেলিম (৩০)। এ ঘটনায় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ পোর্ট অফিসের উপসহকারী প্রকৌশলী আবদুর রহমান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ ও যুবলীগের নেতা নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁদের গ্রেপ্তারের পর স্থানীয় আওয়ামী লীগের নেতারা সিদ্ধিরগঞ্জ থানায় ভিড় জমান। কর্তব্যরত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শীতলক্ষ্যা নদীকে দখলমুক্ত করার লক্ষ্যে পরিচালিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দুপুরে তাঁরা সদর উপাজেলার কাঁচপুর এলাকায় যান। এ সময় বিআইডব্লিউটিএ, র্যাব ও পুলিশ সদস্যরাও তাঁদের সঙ্গে ছিলেন। কাঁচপুর ব্রিজের পরিস্থিতি দেখে তাঁরা বিস্মিত হন। বালু দিয়ে নদীর বিশাল অংশ ভরাট করে ফেলা হয়েছে। তাঁদের কাছে বালু সরানোর কোনো যন্ত্র না থাকায় তাৎক্ষণিকভাবে তিনি নিলাম দেন। পাঁচ ব্যক্তি নিলামে অংশ নেন। জহিরুল ইসলাম নামের একজন সর্বোচ্চ দেড় লাখ টাকায় দর দেন। তাঁকে বালু সরানোর দায়িত্ব দেওয়া হয়। বেলা সাড়ে তিনটায় একদল লোক এসে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেয়। প্রকাশ্যেই ঠিকাদারকে হুমকি দেয়। উচ্ছেদ কার্যক্রমে অংশ নেওয়া কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। ফলে র্যাব ও পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী আবদুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। জোট সরকারের আমলে তৎকালীন বিএনপিদলীয় সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন কাঁচপুর ব্রিজের নিচে নদী দখল করে বালু ও পাথর ব্যবসা গড়ে তোলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নদী দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। সরকারের কঠোর মনোভাবের কারণে প্রশাসনও সক্রিয় হয়। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুটিকয়েক নেতা দলের নাম ব্যবহার করে বারবার এই অভিযান বাধাগ্রস্ত করছেন। স্থানীয় আওয়ামী লীগের অধিকাংশ নেতাই চান এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ বন্দর উপপরিচালক আলমগীর কবীর জানান, গতকাল সকালে শীতলক্ষ্যার কাঁচপুর ব্রিজের নিচে যৌথ অভিযান চালিয়ে একটি তিনতলা ভবনসহ ৩১টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গুঁড়িয়ে দেওয়া তিনতলা ভবনটি বিএনপিদলীয় সাবেক সাংসদ নদীখেকো হিসেবে পরিচিত মুহাম্মদ গিয়াস উদ্দিনের। এ ছাড়া গুঁড়িয়ে দেওয়া বাকি স্থাপনাগুলো হলো ৩০টি টং ঘর।