কাঁচপুর, মেঘনা, গোমতীতে দ্বিতীয় সেতু হচ্ছে, চুক্তি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের আরও তিনটি নতুন সেতু নির্মাণের কাজ ডিসেম্বরে শুরু হচ্ছে। আজ বুধবার ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) এ বিষয়ে চুক্তি হবে।
প্রস্তাবিত দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী নামের এই তিনটি সেতু নির্মাণে খরচ হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ঋণ হিসেবে দেবে জাপান। আর নতুন সেতু নির্মাণের পাশাপাশি বিদ্যমান সেতুগুলো সংস্কার করা হবে।
সওজের কর্মকর্তারা বলছেন, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যত যানবাহন চলে, সেগুলো বিদ্যমান কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর ধারণক্ষমতার চেয়ে বেশি। কাজেই চার লেনের নতুন সেতু নির্মাণ করা জরুরি। এ ছাড়া আগের সেতুগুলো পুরোনো ভূমিকম্প কোডে নির্মিত। তাই নতুন সিসমিক কোড অনুযায়ী সেতু নির্মাণ করা দরকার।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘চুক্তি হয়ে গেলে ডিসেম্বরেই কাজ শুরু হবে। আমরা আশা করছি, তিন বছরের মধ্যেই এই সেতুগুলোতে যান চলাচল শুরু হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চাল লেন এবং নতুন এই তিনটি সেতু হয়ে গেলে এই মহাসড়কে যানজট বহুলাংশে কমে যাবে।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই তিনটি সেতু নির্মাণে মোট ৮ হাজার ৪৮৬ দশমিক ৯৩৮৩ কোটি টাকা খরচ হবে। এর মধ্যে জাইকা ৬ হাজার ৪২৯ কোটি টাকা দেবে। এ ছাড়া বাংলাদেশ সরকার দেবে ২ হাজার ৫৭ কোটি টাকা। জাইকা সেতু তিনটির নির্মাণ, পুনর্বাসন ও পরামর্শক-সংক্রান্ত খরচ দেবে। আর সরকারের টাকায় ভ্যাট-ট্যাক্স, প্রশাসনিক ও পুনর্বাসন-সংক্রান্ত খরচ মেটানো হবে।
এই তিন সেতুর জন্য ২০১৩ সালের ১০ মার্চ বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির মধ্যে প্রথম ধাপে ২ হাজার ৮৯৪ কোটি ইয়েনের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। গত বছরের ২৩ এপ্রিল ২০১৩ এই প্রকল্পের অনুমোদন দেয় একনেক।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সেতুর পাশেই ভাটিতে চার লেনের দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মাণ করা হবে। এই সেতুর দৈর্ঘ্য হবে ৩৯৭ দশমিক ৩ মিটার। সংযোগ সড়ক হবে আট লেনের। রাজধানী ঢাকা ও বন্দরনগর চট্টগ্রাম এবং ঢাকা ও সিলেটের মধ্যে নির্বিঘ্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করার জন্য সেতুর কাঁচপুর প্রান্তে উড়ালসেতু ও সড়ক বিভাজক থাকবে। এতে খরচ হবে ৮২ কোটি টাকা।
চার লেনের দ্বিতীয় মেঘনা সেতু হবে বর্তমান সেতুর পাশেই উজানে। এর দৈর্ঘ্য হবে ৯৩০ মিটার। ছয় লেনের সংযোগ সড়কের দৈর্ঘ্য হবে ৮৭০ মিটার। আর চার লেনের দ্বিতীয় গোমতী সেতু হবে বর্তমান সেতুর পাশেই ভাটিতে। এর দৈর্ঘ্য হবে ১ হাজার ৪১০ মিটার। ছয় লেনের সংযোগ সড়ক হবে ১ হাজার ১০ মিটারের।