কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যার তীরভূমি উদ্ধারে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরভূমি দখল করে গড়ে তোলা বালু ও পাথরের অবৈধ ব্যবসা উচ্ছেদে গতকাল মঙ্গলবার থেকে আবারও অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের ভাষ্যমতে, মাসব্যাপী অভিযানে শীতলক্ষ্যা নদীর প্রায় ৫০০ শতাংশ তীরভূমি থেকে বালু, পাথর ও মাটি অপসারণ করে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনা হবে।গতকাল সকাল ১০টার দিকে কাঁচপুর সেতুর পশ্চিম প্রান্তে শীতলক্ষ্যা নদীতে একটি খননযন্ত্র ও তীরভূমিতে পাঁচটি ভেকুর (মাটি কাটার যন্ত্র) সাহায্যে অভিযান শুরু হয়। উত্তোলন করা বালু ও মাটি অপসারণে ব্যবহূত হয় ২০টি ট্রাক।অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর) শফিকুল হক, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক পুলিশ, র্যা ব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্য।ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, নদীতে অবস্থানরত খননযন্ত্র দিয়ে সেতুর পিলারের চারপাশের বালু অপসারণ পিলারের জন্য ঝুঁকিপূর্ণ। তাই ভেকু দিয়ে পিলারের চারপাশের বালু ও মাটি অপসারণ করা হবে। এরপর খননযন্ত্রের সাহায্যে নদীর উজান ও ভাটিতে প্রায় দেড় কিলোমিটার অংশ থেকে বালু, পাথর ও মাটি অপসারণ করে নদীকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। এই অভিযান চলবে পুরো মাস।