কাঁচপুর সেতুর পাশে মিলল এবার স্বর্ণ ব্যবসায়ীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর দক্ষিণ পাশ থেকে গতকাল মঙ্গলবার সকালে স্বর্ণ ব্যবসায়ী মিজানুর রহমানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগের দিন সোমবার সকালে সেতুর পূর্ব প্রান্তের উত্তর পাশ থেকে পোশাক কারখানার শ্রমিক দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়।নিহত মিজানুর সোনারগাঁর গঙ্গাপুর গ্রামের বাসিন্দা। ঢাকার ডেমরার সারুলিয়ায় তাঁর স্বর্ণালংকারের দোকান রয়েছে।মিজানুরের স্ত্রী সুলতানা আক্তার প্রথম আলোকে বলেন, সোমবার সন্ধ্যায় তাঁর স্বামীর সঙ্গে মুঠোফোনে সর্বশেষ কথা হয়। এরপর মিজানুর দোকান থেকে বের হয়ে বাসার উদ্দেশে রওনা হন। কিন্তু রাতে তিনি বাসায় ফেরেননি। মুঠোফোনও ছিল বন্ধ। গতকাল এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি কাঁচপুর সেতুর দক্ষিণ পাশে একটি পুকুরের পাশে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন।মিজানুরের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, ‘দুর্বৃত্তরা অন্য স্থানে খুন করে লাশগুলো কাঁচপুর সেতুর আশপাশে ফেলছে বলে আমাদের ধারণা। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’