কাঁচপুর সেতুর রেলিং ভেঙে সেনাবাহিনীর গাড়ি খাদে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর কাঁচপুর সেতুর রেলিং ভেঙে সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে দুই সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই সেতুর পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে।্র আহত সেনাসদস্যরা হলেন, গাড়ির চালক ল্যান্স করপোরাল খলিল আহম্মেদ ও ল্যান্স করপোরাল আনোয়ার হোসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসা ঢাকা ক্যান্টনমেন্টের ১৩ মিলিটারি পুলিশ (এমপি) ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ বলেন, খাগড়াছড়ি ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের একটি ইউনিটের তিন টনের দুটি ওয়াটার ট্যাংকার ট্রাক ও একটি অ্যাম্বুলেন্স ঢাকা ক্যান্টনমেন্ট থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। কাঁচপুর সেতুতে ওঠার সময় বহরের সামনে থাকা তিন টনের একটি ওয়াটার ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর চারটি রেলিং ভেঙে প্রায় ২০ ফুট নিচে পড়ে যায়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত ওই দুই সেনাসদস্যকে সিএমএইচে পাঠানো হয়েছে। পরে খবর পেয়ে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। তারা দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে।