নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে তিন শিক্ষার্থী অপহূত হওয়ার পর একজনের লাশ পাওয়া গেলেও বাকি দুজন গত চার দিনেও উদ্ধার হয়নি। এ জন্য পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
গত মঙ্গলবার কাঁচপুর এলাকা থেকে স্থানীয় ওমর আলী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জাহিদুল ইসলাম ও তৃতীয় শ্রেণীর ছাত্র সাকিন আলমকে অপহরণ করা হয়। মুক্তিপণের দাবিতে অপহরণকারীরা জাহিদুলকে গলা কেটে হত্যা করে। গতকাল শুক্রবার পর্যন্ত পুলিশ সাকিনকে উদ্ধার করতে পারেনি। একই সঙ্গে সোমবার অপহূত কাঁচপুরের সিনহা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
গতকাল পুরান কাঁচপুর গ্রামে সাকিনের বাড়িতে গেলে তার মা সুমি বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘বৃহস্পতিবার রাতে অপহরণকারীরা আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আমাদের বিভিন্ন স্থানে নিয়ে যায়। মুক্তিপণের টাকা নিয়ে রাতভর ঘুরলেও কেউ টাকা নেয়নি, আমার ছেলেও ফেরেনি।’
সাকিনের বাবা ব্যবসায়ী শামসুল আলম বলেন, ‘ঘটনার চার দিন অতিবাহিত হলেও পুলিশ আমার ছেলেকে উদ্ধার করতে পারছে না। পুলিশের আশ্বাসে আমরা আস্থা রাখতে পারছি না।’
এদিকে অপহরণকারীদের হাতে নিহত জাহিদুলের বাবা রহমত আলী থানায় মামলা করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অপহরণের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন কাঁচপুর পুরান বাজার গ্রামের বাসিন্দা আলী আমজাদ, মোহামঞ্চদ আলম ও কাদির ভূঁইয়া। তাঁরা অভিযোগ করেন, এ জন্য পুলিশই দায়ী। কারণ, এ ঘটনা ছাড়াও কাঁচপুরে বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেনি। পুলিশ সদস্যের সঙ্গে অপরাধীদের সখ্য রয়েছে। অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় বিষয়টি আরও পরিষ্কার হয়েছে।
যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার জীবনকান্তি সরকার বলেন, পুলিশের সঙ্গে যদি অপরাধীদের কোনো সখ্য থাকে, তবে তদন্ত করে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের অপহরণের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।