কাঁচপুরে একটি পোশাক কারখানায় ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি পোশাক কারখানার চারতলা ভবনের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে বলেছে শিল্প পুলিশ।

গত ১১ মে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিচালক মো. মাহবুব আলম কাঁচপুরের নয়াবাড়ী এলাকার এসএফ ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালককে একটি পত্র দেন। ওই পত্রে উল্লেখ করা হয়, কারখানাটি পরিদর্শন করে ভবনের প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত দেয়ালের বিভিন্ন অংশে বড় ধরনের ফাটল দেখা গেছে। এতে কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফাটলের কারণে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিতে পারে। তাই উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত ইমারত প্রকৌশলী দিয়ে জরুরিভিত্তিতে ভবন পরীক্ষা করতে হবে। পরীক্ষার প্রতিবেদনের ওপর ভিত্তি করে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।

শিল্প পুলিশের ওই পত্রের পর ভবনটির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ২ জুন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেয়। গত বুধবার ইউএনও উপজেলা এলজিইডির প্রকৌশলীকে নিয়ে ভবনটি পরিদর্শন করেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. শামছুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ভবনটির নিচতলা থেকে চারতলা পর্যন্ত দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে, এ কথা সত্য। আমরা বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

এসএফ ফ্যাশনের শ্রমিক আলমগীর ও নজরুল ভূঁইয়া জানান, ভবনের দেয়ালে ফাটল দেখা দেওয়ায় তাঁরা আতঙ্কে আছেন। কারণ, যেকোনো সময় ভবন ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

যোগাযোগ করা হলে এসএফ ফ্যাশনের ব্যবস্থাপক (প্রশাসন) মোর্শেদ আলম বলেন, ‘কারখানা ভবনের কয়েকটি দেয়ালে ফাটল দেখা দিলেও এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিজিএমইএর নেতা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রকৌশলী আমাদের আশ্বস্ত করে বলেছেন, এ ধরনের ফাটলে কোনো সমস্যা হবে না।’