নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গতকাল রোববার সন্ধ্যায় কারখানার সামনের মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এর প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ২০-২৫টি যানবাহন ভাঙচুর করেন। চালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শ্রমিকেরা।নিহত সামসুন্নাহার (৩৫) কাঁচপুরের সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের সুইং সেকশনের শ্রমিক।শ্রমিকদের ভাষ্যমতে, ছুটির পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন সামসুন্নাহার। এ সময় ঢাকামুখী মোজাদ্দেদ ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-ট ১১-৫৯৩৬) চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবরটি ছড়িয়ে পড়লে শ্রমিকেরা মহাসড়কে নেমে আসেন। তাঁরা সামসুন্নাহারের লাশ নিয়ে মিছিল শুরু করেন এবং মহাসড়ক অবরোধ করেন। ভাঙচুর করা হয় ২০-২৫টি যানবাহন। শ্রমিকেরা কাভার্ড ভ্যানের চালক জাহাঙ্গীরকে (৩৫) পিটুনি দিয়ে কারখানায় আটকে রাখেন।