কাঁচপুরে কারখানায় সংঘর্ষ ভাঙচুর, আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে অনন্ত টেনিম টেকনোলজি লিমিটেডের শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে গতকাল সোমবার কারখানার ভেতরে সমাবেশ ও ভাঙচুর চালিয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের লোকজনের সংঘর্ষে ৪০ জন আহত হন।পুলিশ ও শ্রমিকেরা জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ী এলাকার ওই কারখানার শ্রমিকেরা কয়েক মাস ধরে বেতন-ভাতা বৃদ্ধিসহ কারখানা কর্তৃপক্ষের কাছে ছয় দফা দাবি জানিয়ে আসছেন। গতকাল সকালে কারখানার শ্রমিকেরা কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবি পুনরায় উত্থাপন করলে কারখানার জিএম (অপারেশন) মো. রেজবান ক্ষিপ্ত হয়ে কয়েকজন শ্রমিককে মারধর করেন। এ ঘটনায় শ্রমিকেরা উত্তেজিত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশের একপর্যায়ে মালিকপক্ষের লোকজনের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে। এ অবস্থায় শ্রমিকেরা কারখানার বিভিন্ন ইউনিটে ব্যাপক ভাঙচুর চালান। শ্রমিক ও মালিকপক্ষের লোকজনের দফায় দফায় সংঘর্ষে শ্রমিক সাজু, কবির, সবুজ, কাউছার, আজহার, সবুজা, জরিনা, শাকিলাসহ উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিকেলে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সমঝোতা বৈঠক হয়। বৈঠকে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেন। এ সময় মালিকপক্ষ মঙ্গল ও বুধবার দুই দিনের ছুটির ঘাষণা দিয়ে কারখানা বন্ধ করে দেয়।কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, সংঘর্ষে কারখানার প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই কারখানা ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।