কাঁচপুরে গ্রাহকদের টাকা নিয়ে উধাও ইউনাইটেড
নারায়ণগঞ্জের সোনারগাঁ, আড়াইহাজার ও নরসিংদীর মাধবদী উপজেলার কয়েক হাজার গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে একটি সমবায় প্রতিষ্ঠান। টাকা ফেরত পেতে প্রায় পাঁচ শ গ্রাহক গতকাল বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।গ্রাহকেরা জানান, ইউনাইটেড সোশ্যাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড চার বছর আগে কাঁচপুরে প্রধান এবং আড়াইহাজার ও নরসিংদীর মাধবদীতে শাখা কার্যালয় স্থাপন করে। তখন থেকে তারা দ্বিগুণ মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে দৈনিক ও মাসিক ভিত্তিতে আমানত সংগ্রহ করেন।ওই প্রতিষ্ঠানের গ্রাহক কাঁচপুরের মসজিদ কমপ্লেক্স মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল হোসেন, তারা মিয়া, আবুল হাশেম ও মামুন মিয়া বলেন, দ্বিগুণ মুনাফার আশ্বাসে তাঁরা প্রতিদিন এবং অনেকে প্রতি মাসে ৫০০ থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত জমা রাখেন। সে হিসাবে ইউনাইটেড সোশ্যাল মাল্টিপারপাস গত চার বছরে কাঁচপুরের প্রধান কার্যালয়ে এক হাজার ৬০০ গ্রাহকের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা এবং মাধবদী ও আড়াইহাজার উপজেলার দুটি শাখার এক হাজার ১০০ গ্রাহকের কাছ থেকে দেড় কোটি টাকা নিয়েছে।গ্রাহকেরা জানান, এক সপ্তাহ ধরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ও অপর দুটি শাখা কার্যালয়ে তালা মেরে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উধাও হয়ে যান। গ্রাহকেরা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি ও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাচ্ছেন না।কাঁচপুরে মসজিদ কমপ্লেক্স মার্কেটে গতকাল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির প্রধান ফটকে তালা। ভিড় জমিয়েছেন শতাধিক নারী-পুরুষ।এমনই এক গ্রাহক মাধবদীর আমেনা খাতুন। বললেন, বাড়িতে গরু-ছাগল পালন করে তিনি প্রতিষ্ঠানটিতে ৭৫ হাজার টাকা জমা রেখেছেন। এ টাকা না পেলে তিনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন।আমেনার মতো অনেক নারী-পুরুষ টাকা না পাওয়ার আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েন। দুপুর ১২টায় প্রায় পাঁচ শ গ্রাহক একত্র হয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেন। কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও কাঁচপুর মসজিদ কমপ্লেক্স মার্কেটের সহসভাপতি আবদুর রহমান বলেন, লোভনীয় মুনাফার কথা বলে কামরুল ইসলাম ও টিটু মিয়াসহ কয়েকজন মিলে এখানে প্রতিষ্ঠানটি খোলেন। গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে এখন পালিয়ে গেছেন। সোনারগাঁ উপজেলা সমবায় কর্মকর্তা সালেহা চৌধুরী বলেন, ‘গ্রাহকদের টাকা ফেরতের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘গ্রাহক আইনগত আশ্রয় নিতে চাইলে তাদের সহায়তা করা হবে এবং প্রতারক মালিকদের গ্রেপ্তার করা হবে।’ইউনাইটেড সোশ্যাল মাল্টিপারপাসের মালিক কামরুল ইসলাম ও টিটু মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কিছু সদস্যের সমস্যার কারণে প্রতিষ্ঠানের শাখাগুলো বন্ধ রাখতে হয়েছে। শিগগিরই প্রতিষ্ঠান খুলে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।