কাঁচপুরে চাকরিচ্যুত তিন শ্রমিকের ওপর হামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পনগরের রহিম স্টিল মিলের চাকরিচ্যুত তিন শ্রমিকের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আহত শ্রমিকেরা হলেন লিটন (৩০), নাজির হোসেন (৩০) ও গফুর (৪০)। হামলার ঘটনায় আহত গফুর গতকাল শুক্রবার বিকেলে কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুর রবসহ ২০ জনকে আসামি করে মামলা করেছেন। কাঁচপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন জানান, শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে রহিম স্টিল মিলের মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বকেয়া পরিশোধসহ কয়েকটি চুক্তি হয়েছিল। কিন্তু ওই চুক্তি যাতে বাস্তবায়িত না হয়, সে জন্য মালিকপক্ষের ইন্ধনে ২৮ মে আরেকটি সিবিএ কমিটি করা হয়। নতুন কমিটি হওয়ার পর মালিকপক্ষ আগের কমিটির সমর্থিত প্রায় ৪৫ জন শ্রমিককে নানা অজুহাতে বিনা নোটিশে ছাঁটাই করেছে। এর মধ্যে তিনিও আছেন।আহত শ্রমিক গফুর জানান, গতকাল সকালে আগের কমিটির সমর্থিত শ্রমিক লিটন, নাজির ও তিনি কারখানায় কাজ করতে যান। তখন নিরাপত্তাকর্মীরা জানান, তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে। এ সময় তাঁরা কারখানার ভেতরে প্রবেশ করে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে নতুন কমিটির ভাড়াটে সন্ত্রাসীরা তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও টেঁটা দিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা এ সময় কারখানার পাশের দুটি দোকানে ভাঙচুর করে। লুটপাট করে লক্ষাধিক টাকার মালামাল। সোনারগাঁ থানার ওসি ইউনুস আলী জানান, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহজালাল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।