কাঁচপুরে জেলেদের জায়গা দখলের অভিযোগে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর জেলেপল্লির জায়গায় ভূমিদস্যুরা বিলবোর্ড টাঙিয়ে দখল করার পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সোমবার বিক্ষোভ করেছেন নিরীহ জেলেরা।
জেলে পরিবারের সদস্যরা জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান কাঁচপুর এলাকায় ১৯৬৪ সালে ২৯টি ভূমিহীন অসহায় পরিবারকে জমি বন্দোবস্ত দেয় সরকার। কয়েক দিন ধরে কাঁচপুর এলাকার কয়েকজন ভূমিদস্যু সরকারি জায়গাটির মালিকানা দাবি করে বিলবোর্ড টাঙিয়ে জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে। এ ঘটনার প্রতিবাদে শতাধিক জেলে গতকাল বিক্ষোভ মিছিল করেন।
জেলেপল্লিতে বসবাসরত হারাধন দাশ বলেন, ‘বাপ-দাদায় এই জায়গায় বসবাস করে গেছে। আমরাও এই জমিতে বসবাস করছি। কাঁচপুর এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত সোলায়মান হক ও তাঁর ভাই সালামত হকের জায়গাটির ওপর নজর পড়েছে। তাঁরা আমাদের বসবাসরত জায়গাটির মধ্যে জোরপূর্বক বিলবোর্ড টাঙিয়ে দখল করার চেষ্টা চালাচ্ছেন। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শেষ সম্বল রক্ষা করব আমরা।’
জেলেদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোলায়মান হক বলেন, ‘আমরা এই জমির মালিক বিধায় জমি দখলে যাব। এই জায়গার মালিকানার পক্ষে আমাদের সব ধরনের কাগজপত্র রয়েছে।’
কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুর খান ও বর্তমান চেয়ারম্যান ফজলুল হক বলেন, ‘জেলেপল্লির অসহায় নিরীহদের জায়গা কোনো অবস্থাতেই দখল করতে দেওয়া হবে না। প্রয়োজনে তাদের নিয়ে আন্দোলনে যাব আমরা।’