কাঁচপুরে যানবাহনে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যানবাহনে চলছে বেপরোয়া চাঁদাবাজি। পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীরা এ চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে পরিবহন মালিক ও চালকেরা অভিযোগ করছেন। চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন।পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঢাকা-দাউদকান্দির মধ্যে চলাচলকারী আলম পরিবহনের মালিক আবদুল মোতালেবসহ পাঁচটি পরিবহনের মালিক ২৮ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকারের আবেদন জানান।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ঈদ সামনে রেখে সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অন্য যেকোনো সময়ের তুলনায় চাঁদাবাজি বেড়েছে। থানার পুলিশ ও হাইওয়ে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নাম ব্যবহার করে কিছু লোক বিভিন্ন পরিবহন থামিয়ে চাঁদা আদায় করছেন। প্রতিটি যানবাহন থেকে ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।পরিবহন মালিকেরা অভিযোগ করেন, কাঁচপুরে চাঁদাবাজির ধরন ভিন্ন। রাতে সন্ত্রাসীরা আওয়ামী লীগের নাম ব্যবহার করে, আর দিনে পুলিশ পালাক্রমে চাঁদা আদায় করে। দিনে-রাতে যে চাঁদা আদায় হয়, তার ৬০ ভাগ পুলিশ ও ৪০ ভাগ আওয়ামী লীগ নেতা-কর্মী ও সন্ত্রাসীরা ভাগ করে নেয়। এর আগে কাঁচপুরে অব্যাহত চাঁদাবাজির কারণে গত মার্চে পাঁচজন হাইওয়ে পুলিশকে তাৎক্ষণিক বদলি করা হয়।পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হত্যাসহ ৩১ মামলার আসামি হেলাল উদ্দিন ওরফে পিচ্চি হেলাল সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে চাঁদাবাজি শুরু করেছেন। চাঁদা দিতে অস্বীকার করায় হেলালের ক্যাডাররা গত পাঁচ বছরে ২০টি বাস পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে শতাধিক বাস। এ ছাড়া আওয়ামী লীগের নাম ব্যবহার করে স্থানীয় কর্মী বাবু ওমর, দেলোয়ার ও আমজাদ হোসেন চাঁদা আদায় করছেন। তবে বাবু ওমর চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। ঢাকা-মেঘনা-গজারিয়া-দাউদকান্দি মিনিবাস মালিক সমিতির সভাপতি আলী হোসেন জানান, ‘চাঁদাবাজির কারণে আমরা অতিষ্ঠ। ঈদ সামনে রেখে পরিবহন সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রতি গাড়ি থেকে ৫০০-১০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে পুলিশ ও সন্ত্রাসীরা।’হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম জানান, ঈদ সামনে রেখে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে মহাসড়কে চাঁদাবাজি প্রতিরোধে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত প্রমাণিত হলে তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, চাঁদাবাজির ব্যাপারে হাইওয়ে পুলিশের অপরাধ বিভাগে লিখিত অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, গত বছর ঈদের আগেও মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড় শিমরাইল ও কাঁচপুর এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি করা হয়। ওই সময় কয়েকজন চাঁদাবাজকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে সাজা দেওয়া হয়েছিল।