কাঁচপুরে লিফট বন্ধ হয়ে ৩০ শ্রমিক অসুস্থ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপে গতকাল বুধবার বিকেলে লিফটের ভেতরে আটকা পড়ে অন্তত ৩০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের ১১ তলাবিশিষ্ট ডব্লিউ/জি-৩ বিল্ডিংয়ে লিফট দিয়ে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। লিফটটি প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল। এতে প্রচণ্ড গরম ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন রোজিনা, আমেনা, রানি, শেফালী, তাসলিমা, সাদেক, পারুল, মোস্তাক, আলিমসহ অন্তত ৩০ জন শ্রমিক। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশের উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে লিফট বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকেরা আটকা পড়েন। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। মালিকপক্ষের গাফিলতি ও অবহেলার কারণে এবং লিফট অপারেটর সময়মতো দায়িত্ব পালন না করায় এ দুর্ঘটনা ঘটে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, লিফটে শ্রমিকদের আটকে থাকার খবর পেয়ে পুলিশ তাঁদের সময়মতো উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।