কাঁচপুরে সাত দিনে দুই খুন, এলাকায় আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলে সাত দিনে দুটি খুনসহ একটি হত্যাচেষ্টার ঘটনায় এলাকাবাসী, শিল্প কারখানার মালিক-শ্রমিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকাবাসীর অভিযোগ, দুর্বৃত্তদের সঙ্গে পুলিশের সখ্যের কারণেই এ ধরনের ঘটনা ঘটছে।কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে গত ৩০ আগস্ট স্থানীয় ঝুট ব্যবসায়ী ফারুক মিয়াকে হত্যা করে দুর্বৃত্তরা। গত ৫ অক্টোবর ফয়েজ মিয়া নামের এক শ্রমিককে গলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গত ৬ অক্টোবর দুর্বৃত্তরা স্থানীয় ওমর আলী উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী আলী আকবরকে হত্যা করে। এসব ঘটনার পর থানায় মামলা হয়েছে। তবে এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। অনুসন্ধানে জানা যায়, দুর্বৃত্তদের ভয়ে ও পুলিশ প্রশাসনের অসহযোগিতার কারণে মামলার বাদীরা কারও নাম উল্লেখ করেননি। নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, বাদীপক্ষ কারও নাম উল্লেখ না করলেও পুলিশ ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পারবে। পুলিশ এখন পর্যন্ত ওই তিনটি ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে না পারায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।গত শনিবার ও গতকাল রোববার কাঁচপুর শিল্পাঞ্চলে ঘুরে জানা যায়, কাঁচপুরের সাম্প্রতিক ঘটনায় শিল্পপতি-শ্রমিক, এলাকাবাসী ও রাজনৈতিক নেতা-কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিল্পপতি প্রথম আলোকে বলেন, ‘কাঁচপুরে যেভাবে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, তা আমাদের ভাবিয়ে তুলেছে।’ তিনি অভিযোগ করেন, ‘ক্ষমতাসীন দলের নেতা ও পুলিশের ছত্রছায়ায় বর্তমানে একাধিক সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এসব সন্ত্রাসী নিজেদের স্বার্থে আঘাত এলেই মানুষ খুন করে। কারখানার মালিকেরা তাদের কাছে অসহায়। তাদের কথামতো কোনো কাজ না করলে বা চাঁদা না দিলে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়। এমনকি তারা নামধারী শ্রমিকদের দিয়ে নানা অজুহাতে কারখানায়ও হামলা চালায়।’সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সম্প্রতি গোয়েন্দারা কাঁচপুরের আইনশৃঙ্খলার অবনতির জন্য শাসক দলের কয়েকজন স্থানীয় নেতা ও পুলিশকে দায়ী করে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছেন।পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘কাঁচপুরে সম্প্রতি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এ কথা সত্য। কয়েকজন সন্ত্রাসী আদালত থেকে জামিনে বের হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। এ ছাড়া একটি মৌলবাদী গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলার জন্য এমন ঘটনা ঘটাতে পারে। আমরা ইতিমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করেছি। অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।’