কাঁচপুরে সিনহা গার্মেন্টসে শ্রমিক ছাঁটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচপুর শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষের জের ধরে গতকাল রোববার সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের প্রায় ৮৫০ জন শ্রমিককে ছাঁটাই করেছে মালিকপক্ষ। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।সূত্র জানায়, বেতনভাতা ও ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকেরা ১৫ জুন ঢাকা-সিলেট মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি ছুটি ঘোষণা করে। নয় দিন ফ্যাক্টরি বন্ধ থাকার পর গতকাল সকালে মালিকপক্ষ ৮৬১ জন শ্রমিককে ছাঁটাই করে দুই দিনের মধ্যে নারায়ণগঞ্জ লেবার অফিস থেকে বেতনভাতা আনার জন্য নোটিশে উল্লেখ করে।ছাঁটাই হওয়া শ্রমিক লাইলী, আয়েসা, ইয়াসমিন, আমেনা, রেজাউল শেখ বলেন, ‘আমরা কোনো অন্যায় না করলেও বিনা কারণে আমাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। আমরা এখন কী খেয়ে বাঁচব? কোথায় গিয়ে দাঁড়াব?’এ ব্যাপারে সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা কর্নেল (অব.) দেলোয়ার হোসেন জানান, শ্রমিক অসন্তোষের ঘটনায় চিহ্নিত করে বেতনভাতা দিয়ে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। ফ্যাক্টরি চালুর ব্যাপারে মালিকপক্ষ এখনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার খালেদুল হক হাওলাদার জানান, ভিডিও ফুটেজ দেখে অপরাধী শ্রমিকদের চিহ্নিত করে ছাঁটাই করা হয়েছে। পর্যায়ক্রমে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি অব্যাহত থাকবে বলে তিনি জানান। বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহাবুব রহমান ইসমাইল জানান, সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের মালিকপক্ষ শ্রমিকদের যেভাবে অন্যায়ভাবে ছাঁটাই করছে, এতে শ্রমিক অসন্তোষ শেষ হবে না।