কাঁচপুরে সিনহা গ্রুপের ১৩ ইউনিটে শ্রমিকদের ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের প্রাপ্য বেতন-ভাতার টাকা কম দিয়ে স্থানীয় বহিরাগত নেতা ও সন্ত্রাসীদের হাতে শ্রমিক নির্যাতনের অভিযোগ এনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল সোমবার ১৩টি ইউনিটের কারখানায় অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় শ্রমিকদের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। ভাঙচুর ও অগ্নিসংযোগের পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শ্রমিক ও পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের পোশাক কারখানার ১৩টি ইউনিটে প্রায় ৪৫ হাজার শ্রমিক কাজ করেন। সম্প্রতি ওই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিনহা ডেনিম লিমিটেডে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পর এবং কিছু শ্রমিক অনৈতিক কাজে জড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ ১২৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করার ঘোষণা দেয়। চাকরিচ্যুতদের বকেয়া টাকা স্থানীয় কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও স্থানীয় কাঁচপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য আবদুল মান্নানের মাধ্যমে শ্রমিকদের পরিশোধ করা হচ্ছে। শ্রমিক আল-আমিন, আবুল বাদশা ও রাশিদা আক্তার অভিযোগ করে বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ সরাসরি আমাদের টাকা দিলে পুরো টাকাই আমরা পেতাম কিন্তু আবদুল মান্নান কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নিয়ে অল্প কিছু টাকা আমাদের দিয়ে বাকি টাকা তিনি আত্মসাৎ করেছেন। অনেক শ্রমিক এর প্রতিবাদ করায় মান্নানের পক্ষ হয়ে স্থানীয় সন্ত্রাসীরা শ্রমিকদের মারধর করেছে। এ ব্যাপারে আবদুল মান্নান বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে আমার সম্পর্ক ভালো হওয়ায় শ্রমিকদের পাওনা টাকা আমার উপস্থিতিতে পরিশোধ করা হয়েছে। আমি কোনো শ্রমিকের টাকা আত্মসাতের সঙ্গে জড়িত নই।’ শ্রমিকদের চাকরিচ্যুত ও তাঁদের পাওনা টাকা আত্মসাৎ এবং শ্রমিক নির্যাতনের খবর কারখানার বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল সকাল আটটায় কারখানায় প্রবেশ করে কেউ কাজে যোগদান না করে সবাই একসঙ্গে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার জন্য চেষ্টা করলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিপেটা করে।সংঘর্ষে শিল্প পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। আহত ২০ শ্রমিককে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে শ্রমিক-পুলিশ সংঘর্ষের সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ১৩টি ইউনিটের সব কটি ভবনের বাইরে ও ভেতরে দরজা-জানালা এবং মূল্যবান আসবাবপত্র ভাঙচুর, লুটপাট ও কারখানায় অগ্নিসংযোগ করেন। এ সময় সিনহা গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহাকে শ্রমিকেরা কারখানার ভেতরে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ ব্যাপারে চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা প্রথম আলোকে জানান, বহিরাগত কিছু লোক ও উশৃঙ্খল কিছু শ্রমিক এ ঘটনা ঘটিয়েছে। সিনহা গ্রুপের পরিচালক প্রশাসন দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের উপপরিচালক এস এম মাসুদ জানান, সংঘর্ষের সময় ৩৩টি শর্টগানের গুলি ও ৬৮টি কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। পুলিশ আহত হওয়ার ঘটনায় সোনারগাঁ থানায় শিল্প পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।