কাঁচপুরে সিনহা টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড, আহত ১২
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সিনহা টেক্সটাইল মিলে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ও হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন ১২ জন শ্রমিক।আহত ১০ জনকে স্থানীয় একটি ক্লিনিকে এবং গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাঁচপুরে অবস্থিত সিনহা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান সিনহা টেক্সটাইল মিলে গতকাল বেলা একটার দিকে হঠাৎ করে কমপ্রেসার কক্ষে বিকট শব্দ হয়। কমপ্রেসার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় মুহূর্তে আগুন কারখানার চারতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে কারখানার শ্রমিক রূপালী বিশ্বাস, রমজান মিয়া, সাজ্জাদুল ইসলাম, মো. সাজু, সুজন মিয়া, পলাশ সাহা, জয়ন্তী চাকমা, মজিবুর রহমানসহ ১২ জন আহত হন। আহত শ্রমিকদের স্থানীয় শুভেচ্ছা ক্লিনিকে ভর্তি করা হয়। এর মধ্যে শ্রমিক সুজন মিয়া ও মজিবুর রহমানের অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ওই স্টেশনের কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, বেলা একটার দিকে সিনহা টেক্সটাইল মিলের ভেতরে কমপ্রেসার বিভাগের বিদ্যুতের একটি প্যানেল বোর্ডে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সিনহা টেক্সটাইল মিলের সহকারী ব্যবস্থাপক ইসমাইল হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। আপাতত কারখানার উৎপাদন বন্ধ রয়েছে বলে জানান তিনি।