কাঁচপুরে হেফাজতের সংঘর্ষের ঘটনা, সাবেক ১২ সেনা কর্মকর্তার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের কাঁচপুরে হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা পৃথক মামলায় ১২ সাবেক সেনা কর্মকর্তা এক মাসের আগাম জামিন পেয়েছেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের জামিন মঞ্জুর করেন। 

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।

৬ মে কাঁচপুর এলাকায় হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ সোনারগাঁ থানায় দুটি মামলা করে। মামলার এজাহারের শেষাংশে ওই সেনা কর্মকর্তাদের নাম রয়েছে।

আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘তাঁরা সবাই ওপেক্স গ্রুপের কর্মকর্তা। হেফাজতে ইসলামের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। স্থানীয় পুলিশের সঙ্গে বিরোধের জের হিসেবে এজাহারের শেষাংশে তাঁদের নাম জুড়ে দেওয়া হয়। আদালত তাঁদের এক মাসের জামিন মঞ্জুর করেছেন।’

আবেদনকারীরা হলেন: কর্নেল (অব.) দেলোয়ার হোসেন, নিজামউদ্দিন, নজরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফায়জুর রহমান, ফেরদৌস, ফরিদউদ্দিন আহমেদ, মেজর (অব.) আইয়ুবুর রহমান, সানিউল হক, ইউসুফ জুনায়েদ, মাহবুবুল আলম, ক্যাপ্টেন (অব.) রহমতুল্ল­াহ ও কমান্ডার (অব.) বশির আহমেদ।