কাঁচা আমের নেমেছে ঢল
ভরা বৈশাখে কাঁচা আমের জুড়ি নেই। লবণ-মরিচ মাখানো কাঁচা আম ছেলে-বুড়ো সবারই প্রিয়। ডালে দুফালি কাঁচা আম দিলে যে টক ভাব আসে, ওতে অনেকের খানিকটা ভাত বেশি খাওয়া হয়ে যায়। আমের মোরব্বা আর আচার পেলে তো অনেকেই বর্তে যান। এ জন্য গরমের এ সময়টাতে কাঁচা আমের বেশ কদর থাকে। আর চাহিদা থাকে বলেই বাজারে কাঁচা আমের ঢল নামে।
রাজধানীর ফলের আড়ত, ছোট-বড় বাজার, পাড়া-মহল্লার মোড়, রাস্তার ধার—সবখানে এখন বিক্রি হচ্ছে কাঁচা আম। ভর্তা, জুস, আচার বা সালাদে কাঁচা আমের জুড়ি নেই। পুষ্টিবাদেরাও হরেক গুণে ভরা কাঁচা আমের পক্ষে। এই গরমে শরীর ঠান্ডা রাখে ফলটি।
রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে, ফলের আড়তে এখন প্রচুর কাঁচা আম আসছে। দামও হাতের নাগালে। খুচরা বিক্রেতারা বিভিন্ন স্থানে কিনে নিয়ে যাচ্ছেন এগুলো।
কাঁচা আম বিক্রি করছেন মো. হেমায়েত। বিভিন্ন ডালিতে কাঁচা আমের পসরা সাজিয়ে বসেছেন তিনি। একেক পদের আমের একেক দাম। কিছুটা বড় আর টাটকা আম ৫০ টাকা কেজি বিক্রি করছেন। এরপর ৪০ ও ৩০ টাকা কেজি দরেও বিক্রি করছেন। তিনি জানান, এখন কাঁচা আমের চাহিদা অনেক। সাতক্ষীরা ও রাজশাহী থেকে সবচেয়ে বেশি কাঁচা আম আসছে। দুই মাস ধরে কাঁচা আম বাজারে বিক্রি হচ্ছে। শুরুতে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন। এখন বেশ সস্তা। তিনি বলেন, কাঁচা আমে ভালো দাম পাওয়া যায় বলে অনেকে গাছ থেকে কাঁচা আম পেড়ে বিক্রি করছেন। প্রতিদিন তিনি শত কেজি আম বিক্রি করেন।

মো. দীন ইসলাম নামের আরেক বিক্রেতা বলেন, কেবল গাছ থেকে পাড়া আম নয়, বাজারে অনেক কাঁচা আম আছে, যা ঝড়ে পড়ে যায়। সেগুলো বাজারে আসছে। দামও কিছুটা কম।
কাঁচা আম কিনছিলেন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা আবুল কাশেম। তিনি বলেন, ভর্তা খাওয়ার জন্য কাঁচা আমের তুলনা হয় না। প্রতিবছর অনেক কাঁচা আম কেনেন তিনি। কাঁচা আমযোগে টক ডাল তাঁর খুব প্রিয়।
আরেক ক্রেতা আইনুর নাহার জানান, কাঁচা আম কিনে তিনি আচার তৈরি করেন এবং আত্মীয়দের উপহার পাঠান। তাই একটু বেশি পরিমাণে কাঁচা আম কিনছেন।
কাঁচা আমের পুষ্টিগুণ: বারডেম জেনারেল হাসপাতালের সাবেক প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার আলো বললেন, কাঁচা আম পুষ্টি গুণে ভরা। ভিটামিন সি আছে বলে এটি ত্বকের জন্য ভালো। গ্যালিক অ্যাসিড আছে বলে আম টক লাগে। এই অ্যাসিড হজমে অনেক সহায়ক ভূমিকা রাখে। কাঁচা আমের শরবত গরমে শরীর ঠান্ডা রাখে। এ জন্য গরমে কাঁচা আমের শরবত খেতে পরামর্শ দিলেন। কাঁচা আমে ক্যালসিয়াম আছে বলে এটি দাঁতের জন্য অনেক ভালো। এ ছাড়া ম্যাগনেশিয়াম আছে, যা দেহের লৌহ শোষণ করে। সব মিলিয়ে কাঁচা আমের গুরুত্ব অনেক বেশি বলে জানালেন তিনি।