সুনামগঞ্জের বড়ছড়া-চারাগাঁও শুল্কবন্দরে দুটি সড়কেরই বেহাল দশা। এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন আমদানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকেরা। বাংলাদেশের অভ্যন্তরে কাঁচা ও গর্তে ভরা সড়ক দুটি দিয়ে প্রতিদিন প্রায় ২০০ ট্রাকে কয়লা পরিবহন করা হয়।আমদানিকারক হারুনুর রশিদ বলেন, ‘এই বন্দর থেকে সরকার প্রতিবছর প্রায় শত কোটি টাকা রাজস্ব পায়। কিন্তু এখানে কোনো উন্নয়ন নেই। সামান্য রাস্তার জন্য বছরের পর বছর ধরে আমরা ভোগান্তি পোহাচ্ছি।’ বন্দরের আমদানিকারকেরা জানান, ভারত থেকে আসা ট্রাক বাংলাদেশে ঢুকে দুটি পথ দিয়ে কয়লা রাখার ডিপোতে যায়। একটি বড়ছড়া সড়ক, অপরটি চারাগাঁও সড়ক। সড়ক দুটি দেড় কিলোমিটার করে দীর্ঘ। দুটি সড়কের অবস্থাই করুণ। দুই সড়কের তিন কিলোমিটার অংশ পাকা হলেই ভোগান্তি মিটে যেত। গত ১৮ বছরে এই কাজটি হয়নি। শ্রমিকেরা জানান, কয়লা আমদানি শুরুর সময় থেকেই রাস্তা দুটির এমন দশা। বৃষ্টির দিনে সমস্যা আরও বাড়ে। ট্রাক চলাচলের পাশাপাশি আমদানিকারক ও শ্রমিকদের এই রাস্তা ব্যবহার করতে হয় প্রতিদিন। চারাগাঁও গ্রামের ব্যবসায়ী বরুণ সিংহ জানান, শুষ্ক মৌসুমে ধুলা, আর বর্ষায় কাদায় ভরা থাকে এই সড়ক। রাস্তাটি পাকা করে দেওয়ার জন্য স্থানীয় সাংসদের কাছেও দাবি জানানো হয়েছে।কয়লা আমদানিকারক সমিতির সচিব রাজেশ রায় জানান, গত অর্থবছরে এই বন্দর থেকে সরকার ৯৭ কোটি টাকা রাজস্ব পেয়েছে। স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনের উদ্যোগে বড়ছড়ায় আধা কিলোমিটার রাস্তা পাকা হয়েছে। তিনি জানান, রাস্তাটি যাতে একেবারে চলাচলের অনুপযোগী না হয়ে পড়ে সে জন্য সমিতির পক্ষ থেকে নিয়মিত মাটি-বালু ফেলার কাজ হয়। তাহিপুর বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘আমরা যেখানেই সুযোগ পাই, আমাদের সমস্যার কথা বলি। এই রাস্তাটুকু পাকা হলে সবাই উপকৃত হবে। ব্যবসায় গতি আসবে। সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।’