কাঁচা খেজুরের রস ও পাখির খাওয়া ফল না খেতে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যুর ঘটনায় জয়পুরহাটে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে। অনেক অভিভাবক শিশুদের আত্মীয়স্বজনের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। স্বাস্থ্য বিভাগ ও পৌরসভা জনসাধারণকে আতঙ্কিত না হয়ে কাঁচা খেজুরের রস, পাখির খাওয়া ফলমূল না খাওয়ার জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছে।জয়পুরহাট শহরের নতুনহাট এলাকার সরদারপাড়া বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. হাসনা হেনা জানান, স্কুলের পাশের একই পরিবারের দুই শিশু অনিক ও মরিয়ম মারা যাওয়ায় এ এলাকায় শিশুদের নিয়ে মা-বাবারা আতঙ্কে আছেন। তাঁদের ছেলেমেয়েদের বিদ্যালয়ে না পাঠিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে নিরাপত্তার জন্য পাঠিয়ে দিয়েছেন। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসছে না। সরদারপাড়ার মাসুদ রানা জানান, পাড়ার ছোট বাচ্চাদের তাদের মা-বাবারা অন্যত্র সরিয়ে নিয়েছেন।সদর উপজেলার চকদাদরা গ্রামের শিশু তহিদুল ইসলাম মারা যাওয়ায় চকদাদরা দাখিল মাদ্রাসায় কোনো শিক্ষার্থী যাচ্ছে না। মাদ্রাসার সুপার আবদুল হামিদ ও সহকারী শিক্ষক মাসুদুল কবির জানান, গত দুই দিন থেকে তাঁদের মাদ্রাসায় কোনো শিক্ষার্থী আসছে না।জেলা সিভিল সার্জন মোজাম্মেল হক জানান, মানুষের আতঙ্ক দূর করার জন্য মাইকিং ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ওই সব রক্তে নিপাহ ভাইরাস পাওয়া গেছে বলে নিশ্চিত করেন ওই সিভিল সার্জন।