কাঁচা মরিচ আড়তে ৩৫, টাকা খুচরা বাজারে ১০০
চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজারের আড়তে গতকাল মঙ্গলবার দুপুরে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছিল ৩০ থেকে ৩৫ টাকা দরে। আড়তের মাত্র কয়েক গজ দূরে বাজারের মুখে খুচরা বিক্রেতারা একই মরিচের দাম হাঁকাচ্ছিলেন কেজিপ্রতি ১০০ টাকা।
এভাবে অস্বাভাবিক দাম হাঁকানোর পক্ষে বৈধ কোনো কাগজপত্র অর্থাৎ বেশি দামে কেনার কোনো রসিদ দেখাতে পারেননি খুচরা বিক্রেতা মো. কবির ও রাসেল। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে কারাদণ্ড দেন।
কারসাজি করে দ্রব্যমূল্য বাড়ানো ও মূল্য তালিকা না টানানোর কারণে ভ্রাম্যমাণ আদালত গতকাল রিয়াজ উদ্দিন বাজারে মোট চার খুচরা ও পাইকারি বিক্রেতাকে জরিমানা ও কারাদণ্ড দেন।এক মাসের দণ্ডপ্রাপ্ত অপর দুজন হলেন মো. মহসিন ও সুমন। এর মধ্যে মহসিনকে এক মাসের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন, কারসাজি করে দ্রব্যমূল্য বাড়ানো ও মূল্যতালিকা না থাকায় তাঁদের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা কেনাবেচার রশিদ দেখাতে ব্যর্থ হয়েছেন।কয়েক গজ দূরত্বের মধ্যে দামের এত ব্যবধান অস্বাভাবিক।
পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার পরিদর্শনের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন গতকাল এই অভিযানে নেতৃত্ব দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াস হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান, বিএসটিআই প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, অসাধু উপায়ে বাজারে দাম ওঠানামার বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় দেখা যায়, রিয়াজ উদ্দিন বাজারের পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারে কাঁচা মরিচসহ বিভিন্ন পণ্যের দামে ব্যাপক তফাত। শসা পাইকারিতে ৪০ টাকা হলেও খুচরা বাজারে তা ৮০ টাকা বিক্রি হচ্ছিল।