কাঁচা মরিচ ও পেঁয়াজের ঝাঁজ বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
: কাঁচা মরিচ ২০০ টাকা কেজি : পেঁয়াজ ৮০ টাকা : বাজারভেদে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কাঁচা সবজি
.
.

বরিশাল নগরের বিভিন্ন বাজারে কাঁচা মরিচ ও পেঁয়াজের ঝাঁজ বেড়েই চলেছে। সবজির দামও ঊর্ধ্বমুখী। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পণ্য। কাঁচা মরিচ ২০০ টাকা আর পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, নগরের নতুন বাজার সিটি মার্কেট, বাজার রোড, বাংলাবাজার, পোর্ট রোড, কালীবাড়ি সড়ক, হাসপাতাল রোড, নাজিরের পুল, খেয়াঘাট বাজারে জিনিসপত্রের দামে তারতম্য পাওয়া গেছে। বাজারভেদে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কাঁচা সবজি।
নগরের পাইকারি বাজার সিটি মার্কেটে কাঁচা মরিচ ৮০ থেকে ১৪০ টাকা, বেগুন ৩৫, পটোল ২৫, কাঁকরোল ৩০, করলা ৩০, শসা ৩০, লেবু ১৫ টাকা হালি, ঝিঙে ৩০, পেঁপে ১৫, বরবটি ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের সাবেক সাধারণ সম্পাদক গণেশ দত্ত বলেন, ব্যাপক বৃষ্টি হওয়ায় সবজির দাম বেড়েছে। পেঁয়াজ আর কাঁচা মরিচ ছাড়া অন্য সব কাঁচা সবজির দাম চার-পাঁচ টাকা বেড়েছে। কিন্তু খুচরা বাজারে দ্বিগুণের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকায় সাধারণ ক্রেতারা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছে।
নগরের নতুন বাজার এলাকায় প্রায় সব পণ্য দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এই বাজারে কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা, পেঁয়াজ ৮০, শসা ৫০, বেগুন ৬০ থেকে ৮০, করলা ৬০, পটোল ৪০, কাঁকরোল ৬০, লেবু ২৫ থেকে ৩০ টাকা হালি, ঝিঙে ৫৫, পেঁপে ৩০, বরবটি ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
পাইকারি ব্যবসায়ী মো. ইউনুস ভূঁইয়া বলেন, এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ৫০ থেকে ৬০ টাকার মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। ৩৫ থেকে ৩৮ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বরিশালের সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত প্রথম আলোকে অভিযোগ করে বলেন, পাইকারি বাজার থেকে বের হয়ে পাঁচ গজ দূরে গেলেই দাম দ্বিগুণ হয়ে যায়। সব দায় ওঠে ভোক্তাদের ওপর।
নতুন বাজারের খুচরা বিক্রেতা মজিবর রহমান বলেন, ‘আমরা পাইকারি বাজার থেকে ভালো-মন্দ মিলিয়ে কিনি। খুচরা বাজারে সেগুলো বাছাই করে বিক্রি করতে গিয়ে দামে বেশি পড়ে। নগরের নাজিরের পুল এলাকার খুচরা বিক্রেতা সবুজ হাওলাদার বলেন, বৃষ্টির কারণে কাঁচাবাজারে দাম একটু বেশি।
বরিশাল জেলা মার্কেটিং কর্মকর্তা মো. লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, পাইকারি বাজার থেকে খুচরা বাজারে দাম বেশি নেওয়া হচ্ছে, এটা ঠিক। এ জন্য শুধু বিক্রেতা নয়, ক্রেতারাও অনেকাংশে দায়ী। মনিটরিং নেই বলা যাবে না। মূলত জনসচেতনতার অভাবে মনিটরিং করলেও কাজে আসছে না।