কাঁচা মরিচ নিয়ে বিপাকে কৃষক
পাবনার সাঁথিয়া উপজেলায় এবার কাঁচা মরিচের ফলন ভালো হলেও কৃষকের মুখে হাসি নেই। কারণ, বাজারে দাম কম হওয়ায় মরিচ বিক্রি করে তাঁদের লোকসান দিতে হচ্ছে।১৫ জুন বেড়ার করমজা হাটে গিয়ে কথা হয় মরিচ বিক্রি করতে আসা সাঁথিয়ার কালাইচড়া গ্রামের কৃষক আবদুল জলিলের সঙ্গে। তিনি বলেন, ‘খ্যাতের থ্যা এক কেজি মরিচ তোলার কামলা খরচ পাঁচ টাকা। অথচ হাটে আইন্যা এই মরিচ বেচল্যাম ছয় টাকা কেজি দরে। এতে মরিচ তোলার কামলা খরচ আর যাতায়াতের খরচ কুনু রকমে উঠলেও মরিচ চাষের সব খরচই লস। এরম দাম থাকলি আমাগরে মাথায় বাড়ি।’মরিচ ব্যবসায়ী ও স্থানীয় কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এখানের কাঁচা মরিচ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। এবার উপজেলায় দুই হাজার ৩৫০ হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ হয়েছে। মে মাসের শেষ সপ্তাহ থেকে আগস্ট পর্যন্ত গাছে মরিচ ধরে।উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘গত বছরের তুলনায় এবার কাঁচা মরিচের ফলন ভালো হয়েছে। এখন পর্যন্ত যে অবস্থা, তাতে এবার প্রতি হেক্টরে আট মেট্রিক টন ফলন হবে বলে আমরা আশা করছি। গত বছর প্রতি হেক্টরে সাড়ে সাত টন ফলন হয়েছিল।’ তিনি জানান, হাটে প্রতি মণ কাঁচা মরিচ ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এমন দামে কৃষকদের লাভ হয়। কিন্তু প্রতি মণ ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলে কৃষকের লোকসান হবে।বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লার কাঁচা মরিচ ব্যবসায়ী সোনাই খাঁ বলেন, ‘গত বছর এ সময় আমরা ১৫ থেকে ১৬ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনে ঢাকা ও চট্টগ্রামে সরবরাহ করেছি। কিন্তু এবার দুই থেকে তিন ধরে আমরা পাঁচ থেকে আট টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনছি।’