কাঁচা মরিচের কেজি আড়াই টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে এবার কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে চাহিদা কম হওয়ায় কাঙ্ক্ষিত দামে মরিচ বিক্রি করতে পারছেন না চাষিরা। ছবিটি গতকাল দুপুরে শিবালয় উপজেলার বরঙ্গাইল হাট থেকে তোলা l প্রথম আলো
মানিকগঞ্জে এবার কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে চাহিদা কম হওয়ায় কাঙ্ক্ষিত দামে মরিচ বিক্রি করতে পারছেন না চাষিরা। ছবিটি গতকাল দুপুরে শিবালয় উপজেলার বরঙ্গাইল হাট থেকে তোলা l প্রথম আলো

গত বছর দেড় বিঘা জমিতে মরিচ চাষ করেছিলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার বনগ্রাম গ্রামের চাষি আবদুল আলী। ফলন আর লাভ—দুটোই ভালো হওয়ায় এ বছর তিনি তিন বিঘা জমিতে মরিচের চাষ করেছেন। তবে লাভ তো দূরের কথা, এ বছর তাঁর লোকসান গুনতে হচ্ছে।
আবদুল আলী বলেন, গত বছর দেড় বিঘা জমিতে মরিচ চাষে ব্যয় হয়েছিল ৩০-৩২ হাজার টাকা। উৎপাদন হয়েছিল প্রায় আড়াই মেট্রিক টন মরিচ। গত বছর এ সময়ে প্রতি কেজি মরিচ ২০-২৫ টাকায় বিক্রি করা হয়েছিল। লাভ হয়েছিল প্রায় ৪০ হাজার টাকা। কিন্তু এবার গাছ থেকে মরিচ তোলার শ্রমিকের টাকাই মিলছে না।
একই উপজেলার ফারুক বিশ্বাস বলেন, গাছ থেকে প্রতি কেজি মরিচ তুলতে শ্রমিক খরচ হয় ৩ টাকা। হাটে নিতে যাতায়াত ভাড়া যায় আরও ১ টাকা। গতকাল বৃহস্পতিবার তিনি আড়াই টাকা হিসাবে ৪০ কেজি মরিচ বিক্রি করেন মাত্র ১০০ টাকায়।
মরিচচাষি ও বরঙ্গাইল হাট ও বাজার পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, জেলার সবচেয়ে বড় পাইকারি বাজার শিবালয়ের বরঙ্গাইল হাট থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ টন কাঁচা মরিচ মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, দুবাই, বাহরাইন, কাতারসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তবে এক সপ্তাহ ধরে ১০ থেকে ১৫ টন মরিচ রপ্তানি করা হচ্ছে। এবার মরিচের ফলন ভালো হওয়ায় উৎপাদন বেড়েছে। এ কারণে কাঁচা মরিচের চাহিদাও কমেছে। তা ছাড়া, বিদেশে এখানকার মরিচের রপ্তানি কমে যাওয়ায় দাম একেবারেই কমেছে। বাম্পার ফলন হলেও এসব মরিচ সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় লোকসান দিয়েই বিক্রি করতে হচ্ছে।
বরঙ্গাইল হাট ও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক বলেন, পাইকারি প্রতি কেজি মরিচ আড়াই থেকে তিন টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে গতকাল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজার, শহর বাজারসহ জেলার অন্যান্য বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে। তিনি বলেন, সরকারিভাবে এখানকার মরিচ বিদেশে রপ্তানি করা গেলে কৃষকদের লোকসান গুনতে হতো না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মরিচ চাষের জন্য বেলে-দো-আঁশ মাটি বেশ উপযোগী। এ কারণে শিবালয়, হরিরামপুর, দৌলতপুর ও ঘিওর উপজেলায় মরিচের ব্যাপক চাষ হয়। গত বছর জেলায় ৫ হাজার ৯০১ হেক্টর জমিতে এর আবাদ করা হয়েছিল। এতে উৎপাদন হয় ৪৪ হাজার ২৫৫ মেট্রিক টন মরিচ। এ বছর ৭ হাজার ১০০ হেক্টর জমিতে মরিচের আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৮০০ মেট্রিক টন।
গতকাল দুপুরে বরঙ্গাইল হাটে গিয়ে দেখা যায়, চাষিরা সাইকেল, রিকশা-ভ্যান, ঘোড়ার গাড়িসহ ছোট ছোট যানবাহনে করে কাঁচা মরিচ হাটে নিয়ে আসছেন। চাহিদা কম হওয়ায় সেগুলো সেখানকার পাইকারি ব্যবসায়ীদের কাছে আড়াই থেকে তিন টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। পাইকার ব্যবসায়ীরা পিকআপ ভ্যান ও ট্রাকে করে রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি জেলায় সেসব মরিচ পাঠাচ্ছেন। তবে আগের তুলায় মরিচ কেনাবেচা ও রপ্তানির পরিমাণ কমে গেছে।
হরিরামপুরের বাল্লা গ্রামের মরিচচাষি আমজাদ হোসেন, ঘিওর উপজেলার শোলধারা গ্রামের আজগর আলী ও শিবালয়ের শিমুলিয়া গ্রামের জয়নুদ্দিন শেখ বলেন, গাছ থেকে মরিচ না তুললে গাছ মারা যায়। এ কারণে লোকসান হলেও গাছ থেকে মরিচ তুলে বিক্রি করা হচ্ছে।
মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলীমুজ্জামান মিয়া বলেন, এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। এ কারণে উৎপাদন বেশি হওয়ায় চাহিদা কমে গেছে। সংরক্ষণের জন্য হিমাগারের ব্যবস্থা থাকলে চাষিদের এ সমস্যায় পড়তে হতো না।