কাঁচা মরিচের কেজি ১৫০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় মৌসুমের শুরুতে মাত্র ১০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি করেছিলেন চাষিরা। খেতগুলো ছিল মরিচে ভরপুর। এখন চাষিদের খেতে মরিচ নেই। কিন্তু বাজারে এখন প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
গতকাল শুক্রবার ঈশ্বরদীর বিভিন্ন হাটবাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৫০ টাকায় বিক্রি হয়। দুদিন আগেও বিক্রি হয়েছিল ১০০ টাকায়। পাবনা, সাঁথিয়া, বেড়া ও ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা চরে উৎপাদিত কাঁচা মরিচের পাশাপাশি রংপুর ও বগুড়া থেকে আমদানি করা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে চড়া দামে। এর মধ্যে বেড়া ও লক্ষ্মীকুণ্ডার মরিচের দাম বেশি। বাজারের খুচরা বিক্রেতা আলমগীর হোসেন বলেন, আড়তদারদের কাছ থেকে তারা চড়া দামে কিনে মরিচ বিক্রি করছেন। গতকাল ১৫০ টাকা কেজি দরেই কাঁচা মরিচ বিক্রি করেন।
মরিচচাষি সূত্র জানায়, মৌসুমের শুরুতে খেতের মরিচ ১০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। ওই সময় মরিচ বিক্রি করে উৎপাদন খরচ না ওঠায় চাষিদের চরম লোকসানের মধ্যে পড়তে হয়।
তবে আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, বৃষ্টিতে খেত ডুবে যাওয়ায় মরিচগাছ মারা যাচ্ছে। ফলে বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করছেন তারা। মোকামে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় প্রতিদিনই বাড়ছে কাঁচা মরিচের দাম। রোজা, ঈদ ও বৃষ্টির কারণে দাম বেড়ে ১০০ থেকে ১৫০ টাকায় প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি করছেন তারা।