কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার বাজারে কাঁচা মরিচের ঝাল যেন আরও বেড়েছে। গতকাল শনিবার ঢাকার বাজারে ২৪০ টাকা পর্যন্ত দামে এক কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে। অবশ্য বিক্রেতারা বলছেন, এ দাম তুলনামূলক কম! কারণ গত শুক্রবারও তাঁরা ৩০০ টাকা কেজি দরে পণ্যটি বিক্রি করেছেন।

এবারের ঈদে দাম বৃদ্ধির প্রতিযোগিতা হয়েছে কাঁচা মরিচ ও আদার মধ্যে। জয়ী কাঁচা মরিচ। বাজারে আদার দাম দ্বিগুণ হয়েছে। তবে কাঁচা মরিচের দাম হয়েছে প্রায় চার গুণ।
সপ্তাহ দু-এক আগেও রাজধানীর বাজারে কাঁচা মরিচের কেজিপ্রতি দাম ছিল ৬০ থেকে ৮০ টাকা। সেটি ঈদের আগের দিন ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি করেন বিক্রেতারা। সবচেয়ে চড়া দাম গেছে গত শুক্রবার। ওই দিন পাইকারি বাজারেই ২২০ টাকা কেজিতে উঠেছিল কাঁচা মরিচের দর।
গতকাল রাজধানীর কাজীপাড়া বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা, মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ২৪০ টাকা ও হাতিরপুল বাজারে ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। কারওয়ান বাজারের খুচরা দোকানে দাম অবশ্য তুলনামূলক কম ছিল। সেখানে সকালে প্রতি কেজি কাঁচা মরিচ ১৪০ থেকে ১৬০ টাকা চেয়েছেন বিক্রেতারা। বিকেলে সে দর কমে ১২০ টাকায় নামে।

>আদা আবার পানির দরে, ঈদে আগের চড়া দামে গচ্চা সাধারণ মানুষের

বিক্রেতারা জানান, সরবরাহ সংকটের কারণেই কাঁচা মরিচের দাম বেড়েছে। বন্যার পানিতে মরিচখেত নষ্ট হয়ে গেছে। এর ফলে ঈদের বাড়তি চাহিদা সামাল দেওয়া যায়নি।
কারওয়ান বাজারের মরিচ বিক্রেতা সজল হক প্রথম আলোকে বলেন, শুক্রবার তিনি এক পাল্লা (৫ কেজি) কাঁচামরিচ ১ হাজার ১০০ টাকা দরে কিনেছেন। এতে কেজি পড়েছে ২২০ টাকা। গতকাল একই মরিচ কিনেছেন ৬৫০ টাকা দরে। তিনি বলেন, ‘সরবরাহে টান পড়লে কাঁচামালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। কাঁচা মরিচের ক্ষেত্রে তা-ই হয়েছে।’
এদিকে, পাইকারি বাজারে ৫০ টাকা কেজির আদা আবার ৫০ টাকায়-ই নেমেছে। মাঝখানে ঈদ বাজারে সাধারণ মানুষকে মাংস রান্নার অপরিহার্য এ মসলাটি কিনতে হয়েছে চড়া দাম দিয়ে।
রাজধানীর কারওয়ান বাজারের আড়তে গতকাল শনিবার প্রতি কেজি চীনা আদা ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, ঈদের আগে এ দর ১২০ টাকা পর্যন্ত উঠেছিল। অন্যদিকে খুচরা বাজারে গতকাল প্রতি কেজি চীনা আদা ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়, যা ঈদের আগে ১৬০ টাকায় উঠেছিল বলে দাবি করেছেন বিক্রেতারা।
দেশে আদার চাহিদা সবচেয়ে বেশি থাকে ঈদুল আজহায়। বেশির ভাগ আদা আমদানি হয় চীন থেকে। এ ছাড়া ভারত ও মিয়ানমার থেকেও কিছু কিছু আসে। কয়েক মাস ধরে ঢাকার খুচরা বাজারে আদা কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হয়েছে।
কারওয়ান বাজারের পাইকারি দোকানে দেশি আদা মিলছে ৮০ টাকা কেজি দরে। মিয়ানমারের আদাও একই দরে বিক্রি করছেন বিক্রেতারা। কাজীপাড়া বাজারে দেশি আদা কেজিপ্রতি ১৮০ টাকা চাইতে দেখা গেছে।
দীর্ঘদিন স্থিতিশীল থাকা আদার বাজার ঈদের আগে হঠাৎ চড়ে যাওয়ার কারণ জানতে চাইলে শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী রতন সাহা প্রথম আলোকে বলেন, যে পরিমাণ চাহিদা ছিল সে অনুযায়ী আমদানি না হওয়ায় আদার দাম বেড়েছিল। গত বছর আমদানিকারকেরা আদা আমদানি করে ব্যাপক লোকসান দেন। এ কারণে এবার হয়তো আমদানি কম হয়েছে।
আদা ও কাঁচা মরিচের পরে চড়া দামে কিনতে হচ্ছে লেবু ও শসা। কাজীপাড়া ও হাতিরপুল বাজারে দেশি শসা ৮০, হাইব্রিড শসা ৬০ ও টমেটো ১০০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা।
কারওয়ান বাজারে অবশ্য কিছুটা কম দামে কেনা যাবে শসা ও টমেটো। এ বাজারে প্রতি কেজি দেশি শসা ৬০ ও টমেটো ৭০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। কারওয়ান বাজারের আড়তের পাশের ভাসমান সবজিবিক্রেতা রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, ঈদের আগের দিন সকালে শসার কেজি ছিল ১২০ টাকা। বিকেলে তা ৯০ টাকায় নামে। সে তুলনায় দাম এখন অনেক কম।
ছোট কাগজি লেবুর হালিপ্রতি দরও এখন ২০ টাকা। মাঝারি আকারের লেবু প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকা চাইছেন কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা।
বাজারে করলা, ঢ্যাঁড়স, বেগুন, বরবটি, চিচিঙা, ঝিঙেসহ বিভিন্ন সবজি ৪০ থেকে ৬০ টাকা কেজিতে মিলছে। নতুন আসা ছোট ছোট ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতিটি ৩০ টাকা দরে। বিক্রেতারা জানান, ঈদবাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম একটু বেশি।
ঈদের আগের তুলনায় বাজারে ডিমের দাম এখন একটু বেশি। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১০৫ টাকা দরে। ব্রয়লার মুরগির চাহিদা কম থাকায় দামও কম। কারওয়ান বাজারে প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে। কাজীপাড়া বাজারে তা কেজিপ্রতি ১৪৫ টাকা চেয়েছেন বিক্রেতারা। মাছের বাজারেও চাহিদা কম। ১৫০ টাকা থেকে শুরু করে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে বিভিন্ন আকারের ইলিশ।
কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা শুক্কুর আলী বলেন, ইলিশের দাম এখন বেশ কম। ৯০০ গ্রামের কাছাকাছি ওজনের ইলিশ তিনি ৬৫০ টাকা দরে বিক্রি করছেন।