কাঁচা মরিচের ঝাঁজ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কাঁচাবাজারে কাঁচা মরিচের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে। গতকাল শনিবার নগরের খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি ছিল ৯০ থেকে ১০০ টাকা কেজি। যানজট ও পরিবহনের খরচ বেড়ে যাওয়ার প্রভাবে কাঁচা মরিচের দাম দফায় দফায় বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে বাজারে শীতের সবজির দাম কমতে শুরু করলেও আবারও বেড়েছে আলুর দাম। নতুন আলুর সরবরাহ কম। দেশজুড়ে তীব্র শীত আর কুয়াশার কারণে আলু ও কাঁচা মরিচ পরিবহন কমে গেছে বলে ব্যবসায়ীরা জানান। গতকাল নগরের রিয়াজউদ্দিন বাজার, কর্ণফুলী ও পাহাড়তলী বাজার ঘুরে বাজারের এ চিত্র পাওয়া যায়। রিয়াজউদ্দিন বাজারের পাইকারি দোকানে কাঁচা মরিচের কেজি ছিল ৭৫ থেকে ৮০ টাকা কেজি। খুচরা বাজারে এসে তা বেড়ে দাঁড়ায় ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। পাহাড়তলী ও কর্ণফুলী বাজারে কাঁচা মরিচ বিক্রি হয় ৯০ থেকে ১১০ টাকা কেজিতে। গত সপ্তাহে খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি ছিল ৭৫ থেকে ৮০ টাকা। আর পাইকারি বাজারে বিক্রি হয় ৬০ থেকে ৭০ টাকা কেজি মূল্যে। দাম বেড়ে যাওয়ার কারণ উল্লেখ করে পাহাড়তলী বাজারের পাইকারি বিক্রেতা মোহাম্মদ বেলাল প্রথম আলোর কাছে দাবি করে বলেন, ‘ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ব্যাপারীরা আমাদের কাছ থেকে বাড়তি দাম আদায় করছেন। আগে যেখানে যশোর থেকে চট্টগ্রামে ট্রাকের পরিবহন খরচ ছিল ২২ হাজার টাকা, ডিজেলের দাম বাড়ার পরে তা হয়েছে ২৮-৩০ হাজার টাকা।’ এ ছাড়া যানজটের কারণে সময়মতো মালামাল পৌঁছাতে দেরি হওয়ার কারণেও কাঁচা মরিচের দাম বাড়ছে বলে জানান।জ্বালানি তথা ডিজেলের দাম ৬১ থেকে বেড়ে ৬৮ টাকা হয়েছে। এই বৃদ্ধির হার ১১ শতাংশ। পণ্যবাহী গাড়ির ভাড়া অনুরূপ হারে বাড়তে পারে। কিন্তু পরিবহনের ব্যবস্থায় নিয়ন্ত্রণ না থাকায় গাড়ির চালকেরা নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করে নিচ্ছেন বলে অভিযোগ ওঠে। এতে ভোক্তাদের কেবল মূল্যবৃদ্ধির বোঝা নিতে হচ্ছে।