রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারের সামনে টাঙানো নিত্যপণ্যের বাজারদরের তালিকাটি সর্বশেষ হালনাগাদ হয়েছে গত বুধবার। সিটি করপোরেশনের টাঙানো ওই তালিকায় কাঁচা মরিচের দর প্রতি কেজি পাইকারি ৩০ টাকা আর খুচরা ৪০ টাকা। কিন্তু গতকাল শুক্রবার ওই বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা বিক্রি হয়েছে ১০০ টাকা।
গতকাল কল্যাণপুর, মিরপুর ১ নম্বর, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরেও দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এসব বাজারে দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা। আরও কয়েকটি বাজারেও একই চিত্র।
আগের বছরগুলোতে দেখা গেছে, ঈদের ঠিক আগে চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীরা মাংস এবং সালাদের জন্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে দেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। কাঁচা মরিচ ছাড়াও শসা, লেবু, ধনেপাতা ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে।
মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা ইয়াকুব আলী বলেন, কাঁচা মরিচের দাম দুই দিন ধরেই বাড়তি। ঈদের আগ পর্যন্ত দাম চড়া থাকবে। কারণ, কম আসছে।
কাঁচা মরিচের হঠাৎ মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। কল্যাণপুর বাজারে বাজার করতে আসা ফরিদ উদ্দিন বলেন, কাঁচা মরিচের দাম এক লাফে কেজিতে ৬০-৭০ টাকা বেড়ে গেল। যখন যে জিনিসের চাহিদা থাকছে, ব্যবসায়ীরা যোগসাজশ করে সেটির দাম বাড়াচ্ছেন। বাজারে আসলে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণই নেই।
দুই দিন আগে বাজারে প্রতি কেজি দেশি জাতের শসার দাম ছিল ৪০ টাকা। গতকাল প্রায় সব বাজারেই দেশি শসা বিক্রি হয়েছে প্রতি কেজি ৫০ টাকা। প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ২০ থেকে ৩০ টাকা।
গতকাল বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৫০০ থেকে ৫২০ টাকা দরে। আর খাসির মাংস বিক্রি হয়েছে ৭২৫ থেকে ৭৫০ টাকায়। দেশি মুরগি ৩৫০ থেকে ৪০০ টাকা, ফার্মের মুরগি ১৬৫ থেকে ১৭০ টাকা, সোনালি জাতের মুরগি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়।
কয়েকজন মাংস ব্যবসায়ী বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন ২৬ রমজান পর্যন্ত প্রতি কেজি গরুর মাংসের দাম ৪৭৫ টাকা নির্ধারণ করে দিলেও তখনো ৪৯০-৫০০ টাকায় বিক্রি হয়েছে। ঈদের আগের হিসেবে এখন দাম খুব বেশি বাড়েনি।
গরুর মাংসের পাশাপাশি সিটি করপোরেশন অন্যান্য মাংসের দামও নির্ধারণ করে দিয়েছিল। সে অনুযায়ী বিদেশি জাতের (বোল্ডার) গরু ও মহিষের মাংস ৪৪০ টাকা, খাসির মাংস ৭২৫ টাকা এবং ভেড়া ও ছাগলের মাংস ৬২০ টাকা করা হয়েছিল। সিটি করপোরেশন ২৬ রমজানের পরে দাম পুনর্নির্ধারণের কথা বললেও আনুষ্ঠানিকভাবে সেটি করা হয়নি।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার প্রথম আলোকে বলেন, ২৬ রমজান পর্যন্ত নির্ধারণ করা দামই ৩০ রমজান পর্যন্ত প্রযোজ্য থাকবে। বাজারগুলোতে টাঙানো সিটি করপোরেশনের তালিকায় পূর্বনির্ধারিত দামটি দেওয়া হয়েছে। তবে এই দাম ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হয়নি।
ঈদের অপরিহার্য অনুষঙ্গ চিনি, সেমাইয়ের বাজারে গতকাল স্বস্তি পেয়েছেন ক্রেতারা। প্যাকেট করা সেমাইয়ের খুচরা মূল্য উল্লেখ থাকায় ওই দামেই বিক্রি করেছেন ক্রেতারা। মানভেদে প্যাকেট করা লাচ্ছা সেমাই ১৫০ থেকে ৩০০ টাকা, খোলা লাচ্ছা সেমাই ৮০ থেকে ১০০ টাকা, চিকন সেমাই ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়। চিনি প্রতি কেজি ৬৫ থেকে ৬৮ টাকায় পাওয়া যাচ্ছে।