কাঁচা মরিচের ফলন কম চাষির মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিচ উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত পাবনার বেড়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলায় কাঁচা মরিচের ফলন অনেক কম। ফলে বাজারে মরিচের দাম অনেক বেড়েছে। গত মঙ্গলবার কাঁচামালের অন্যতম পাইকারি বিক্রয়কেন্দ্র বেড়ার করমজা হাটে প্রতিকেজি কাঁচামরিচ ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এমন দামে মরিচচাষিদের খুশি হওয়ার কথা থাকলেও হাটে তাঁদের বেজারমুখেই মরিচ বিক্রি করতে দেখা গেছে। ফলন কম হওয়ায় এমন দামেও লোকসান দিতে হচ্ছে বলে তাঁরা জানান।মরিচচাষিরা জানান, পর্যাপ্ত বৃষ্টির অভাবে বেশির ভাগ মরিচগাছ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মরিচের ফলন কম হচ্ছে। তবে গত কয়েক দিন সাঁথিয়া-সুজানগরে কিছুটা বৃষ্টি হওয়ায় মরিচগাছগুলো সজীবতা লাভ করলেও এখনো ফলন বৃদ্ধিতে তেমন প্রভাব পড়েনি। স্থানীয় কৃষি কার্যালয়ের কর্মকর্তারা জানান, বৃষ্টির প্রভাবে ইতিমধ্যে মরিচগাছে প্রচুর ফুল এসেছে। শিগগির ফলন অনেক বাড়বে বলে তাঁরা আশা করছেন। মরিচচাষিরা জানান, পাবনার সাঁথিয়া, সুজানগর ও বেড়া উপজেলায় প্রচুর কাঁচা মরিচ উৎপাদিত হওয়ায় পাইকারি ক্রেতারা এখান থেকে মরিচ কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠান।গত মঙ্গলবার ঢাকায় পাঠানোর জন্য বেড়ার করমজা হাটে কাঁচা মরিচ কিনছিলেন সাঁথিয়ার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘মরিচের আমদানি কম। আমার ৪০ থেকে ৫০ মণ মরিচ কেনার ইচ্ছা থাকলেও বাজারে মরিচ কম ওঠায় মণ দশেক কিনতে পেরেছি।’ করমজা হাটের কাঁচামালের আড়ত বিসমিল্লাহ ভান্ডারের মালিক হাফিজুল বারী বলেন, ‘কাঁচা মরিচের বাজার কয়েক দিন ধরে চরম অস্থির। গত সোমবার প্রতি কেজি মরিচ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। অথচ আজ (গত মঙ্গলবার) বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর হাটে মরিচের আমদানি বেশ কম লক্ষ করা যাচ্ছে।’সাঁথিয়া উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘খরার কারণে উপজেলার মরিচগাছগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ফলন কিছুটা কমে গিয়েছিল। তবে কয়েক দিন যে বৃষ্টি হয়েছে তাতে মরিচগাছগুলো শিগগির স্বাভাবিক ফলনে ফিরে আসবে বলে আশা করছি।’