কাঁচা মরিচের সংরক্ষণাগার নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে কাঁচা মরিচ সংরক্ষণের জন্য সংরক্ষণাগার ও ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছেন চাষিরা। গতকাল সোমবার শিবালয়ের বরঙ্গাইল এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে ঘিওর ও শিবালয় উপজেলার মরিচচাষিরা এ কর্মসূচি পালন করেন।
গতকাল বেলা ১১টা থেকে বরঙ্গাইল হাট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা মরিচ সংরক্ষণাগার নির্মাণ ও সরকারিভাবে মরিচের মূল্য নির্ধারণের দাবি জানান।
মরিচচাষিরা বলেন, উৎপাদন বেড়ে যাওয়ায় এ বছর মরিচের চাহিদা কমে গেছে। বর্তমানে প্রতি কেজি মরিচ ১০-১২ টাকায় বিক্রি হচ্ছে। সংরক্ষণের ব্যবস্থা এবং সরকারিভাবে মূল্য নির্ধারিত না থাকায় লোকসান দিয়েই মরিচ বিক্রি করতে হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শিবালয়, ঘিওর ও হরিরামপুর উপজেলায় বাণিজ্যিকভাবে মরিচ চাষ করা হয়। এবার আবহাওয়া অনুকূল হওয়ায় মরিচের বাম্পার ফলন হয়েছে। এ বছর জেলায় প্রায় পাঁচ হাজার ৫৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে গড় উৎপাদন ধরা হয়েছে ১০ মেট্রিক টন। এ হিসেবে এ বছর ৫৫ হাজার ৫০০ মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বরঙ্গাইল হাট পরিচালনা কমিটির সভাপতি জুম্মত আলী মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় কৃষক শবজেল মিয়া, চুন্নু মিয়া, লুৎফর রহমান দুলাল বিশ্বাস, বারসিকের জেলা সমন্বয়ক বিমল রায় প্রমুখ।