কাঁচা রাস্তায় গাড়ি চলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণখান ইউনিয়নের কাওলা বেপারীবাড়ি পাকা রাস্তার মাথা থেকে চন্দ্রআটি ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা যান চলাচলের অনুপযোগী। কাওলা বাসস্ট্যান্ড থেকে পাকা রাস্তার শেষ পর্যন্ত ব্যাটারিচালিত ইজিবাইক, এরপর রিকশা চললেও রাস্তা খারাপের কারণে এই এক কিলোমিটার পথ স্থানীয় বাসিন্দাদের হেঁটেই চলাচল করতে হয়। বর্ষাকালে রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে যায় বলে এলাকাবাসী জানালেন।
গতকাল সরেজমিনে দেখা যায়, কাওলার ব্যাপারীপাড়া থেকেই কাঁচা রাস্তার শুরু। কাউলা বাসস্ট্যান্ড থেকে নিয়মিত চলাচল করা রিকশা কিংবা অটোরিকশাচালকেরাও যাত্রীদের নামিয়ে দেয় সেখানে। স্থানীয় বাসিন্দারা বাকি পথ চলাচল করেন হেঁটে। কিন্তু সেই পথও মসৃণ নয়। বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ার কারণে রাস্তা ফেলা ভাঙা ইটের অংশগুলো এবড়োখেবড়ো হয়ে আছে। একটু পরপর ছোট-বড় গর্ত। একটু অসাবধান হলেই হোঁচট খেতে হয় কিংবা পা মচকে যাওয়ার ভয় থাকে। নিত্যপ্রয়োজনীয় জিনিস পরিবহনেও এলাকাবাসীকে পোহাতে হয় ভোগান্তি।
মেয়ের হাত ধরে খুব সাবধানে পা ফেলে হাঁটছিলেন বয়স্ক এক নারী। ওই নারীর সন্তান নাজরীন খান বলেন, রাস্তাটি অনেক খারাপ। বয়স্ক এবং বাচ্চাদের অনেক সমস্যা হয়।
কাওলা থেকে রাস্তাটি চন্দ্রআটি ব্রিজ হয়ে আবার বরুয়াকে সংযুক্ত করেছে। এ পথেই হলনা, বরুয়া হয়ে কাওলার বাসিন্দারা নিজেদের ইউনিয়ন পরিষদ এবং থানায় চলাচল করে থাকেন। চন্দ্রআটি ব্রিজে বরুয়ার অংশটি আবার পাকা রাস্তা। তাই ব্যাপারীপাড়া পাকা রাস্তার মাথা থেকে ব্রিজ পর্যন্ত বাকি এক কিলোমিটার রাস্তা পাকা হলেই ভোগান্তির শেষ হতো বলে আশা করছেন এলাকাবাসী।
উত্তরা ইউনাইটেড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সুবর্ণা আক্তার বলে, ‘প্রতিদিন সকালে কলেজে যেতে এবং শেষে ব্যাপারীপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা হাঁটতে হয়। এটি আমাদের জন্য অনেক কষ্টের। বর্ষাকালে রাস্তায় অনেক কাদা হয়, হাঁটা যায় না।’
কাওলার নামাপাড়ার বাসিন্দা মো. আশিকুর রহমান বলেন, কাঁচা অংশে কোনো যানবাহন চলাচল করে না। কোনো কিছু আনা-নেওয়া করতে হলে চুক্তিতে রিজার্ভ করে চালকদের রাজি করতে হয়। তবে এতেও রাজি হয় না অনেকে।
রাস্তাটি পাকা করার বিষয়ে এলাকার ইউপি সদস্য শফিউদ্দিন মোল্লা বলেন, রাস্তাটি পাকা করার জন্য জেলা পরিষদ থেকে ১০ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এ টাকা দিয়ে যতটুকু রাস্তা পাকা করা সম্ভব, তা-ই করা হবে।